
৪২ দিন পর নিজ বাড়িতে ফিরলেন প্রকৌশলী অনিন্দ্য কৌশল। শেষশয্যা নিলেন মিরসরাইয়ের মিঠাছড়া এলাকার পারিবারিক শ্মশানে। কাশ্মীরে হাউস বোটে অগ্নি দুর্ঘটনায় মৃত্যুর পর অঙ্গার হওয়া মানুষগুলোর পরিচয় শনাক্ত কঠিন হয়ে পড়ে। তাই এত দিন ঢাকায় সিআইডির তত্ত্বাবধানে ছিল মরদেহ তিনটি। গতকাল বৃহস্পতিবার ডিএনএ প্রতিবেদনে শনাক্ত হয় তিনজনের পরিচয়।
এরপর আজ শনিবার অনিন্দ্যসহ তিনজনকে নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। ধর্মীয় রীতি অনুযায়ী তাঁদের শেষ বিদায় জানিয়েছেন পরিবারের সদস্যরা। ছয় সপ্তাহ ধরে শোকে মুহ্যমান স্বজনদের চাপা ব্যথা কান্না হয়ে ঝরেছে তাঁদের শেষ বিদায়ের সময়।
অনিন্দ্য কৌশল (৩৬) ছিলেন রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। অপর দুজন হলেন খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইমন দাশ গুপ্ত (৩৪) ও ব্যবসায়ী মাইনুদ্দিন (৪৫)।
তিনজনই ভারতে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে ৩ নভেম্বর দেশ ছেড়েছিলেন। আজমির শরিফ, দিল্লি, জয়পুর ঘুরে কাশ্মীরে গিয়েছিলেন। সেখানে গত ১১ নভেম্বর ডাল লেকে হাউস বোটে অগ্নিদুর্ঘটনায় অনিন্দ্যসহ তিনজন মারা যান।
তারবার্তায় ভেসে আসা খবরে আকাশ ভেঙে পড়ে পরিবারগুলোর ওপর। সেই থেকে অপেক্ষা স্বজনদের মৃত মুখটি দেখার। কিন্তু বিধি বাম। আগুনে ঝলসে যাওয়া মুখগুলো আর চেনার কোনো উপায় ছিল না। অবশেষে ডিএনএ টেস্টের মাধ্যমে তিনজনকে শনাক্ত করা হয়।
সন্ধ্যায় অনিন্দ্যের ভগ্নিপতি আশীষ কুমার নাথ ফোনে বলেন, ‘মরদেহ শনাক্ত করে রিপোর্ট দেওয়া হয়। আজ মরদেহ নিয়ে এসেছি। এখন মিরসরাইয়ের মিঠাছড়ায় সমাধি দেওয়া হয় অনিন্দ্য কৌশলকে।’
অনিন্দ্য কৌশলের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা স্বপন কুমার নাথ ও মা উমা নাথ খুব ভেঙে পড়েছেন। স্বপন নাথ ছেলের শেষ বিদায়ের সময় উপস্থিত ছিলেন। কিন্তু কোনো কথা বলেননি।
পাড়াপ্রতিবেশীরা ভিড় করেন মিঠাছড়ায়। একইভাবে রাউজান সদরের ৮ নম্বর ওয়ার্ডের বাড়ির পাশে শ্মশানে ইমন দাশ গুপ্তের শেষকৃত্য হয় আজ দুপুরে। অন্যদিকে রাউজানের কদলপুরে ব্যবসায়ী মাইনুদ্দিনের দাফন সম্পন্ন হয় একই সময়ে।
এর আগে বাড়িতে লাশ এসে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন মাইনুদ্দিনের স্বজনেরা।
মাইনুদ্দিনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ইমন স্ত্রী ও দুই বছরের এক ছেলে রেখে যান।
অন্যদিকে অনিন্দ্য কৌশল ভারত যাওয়ার সময় এক ছেলে ও এক মেয়ে রেখে যান। স্ত্রী প্রিয়াঙ্কা ছিলেন অন্তঃসত্ত্বা। বৃহস্পতিবার তিনি একটা পুত্রসন্তান জন্ম দেন নগরের এক হাসপাতালে। এখনো স্ত্রী হাসপাতালে। আর ওই দিনই ডিএনএ প্রতিবেদনে পরিচয় নিশ্চিত হয় অনিন্দ্যদের আধপোড়া দেহগুলোর।