
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকায় সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলিতে একজন আহত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানার পুলিশ। গতকাল শুক্রবার আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার মো. রুবেল (৪০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. সিয়াম (২১) ও নাটোরের সিংড়া উপজেলার মো. মিরাজ (২০)। তাঁদের মধ্যে রুবেলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম।
আরাফাতুল ইসলাম বলেন, ৭ এপ্রিল ভোরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুটার বাপ্পি (৩২), কামরুল (৩০), জাকির হোসেন (৩০), রুবেল (৩০), তৈয়বসহ (৩৫), অজ্ঞাতপরিচয় কয়েকজন মহড়া দেন। এ সময় তাঁদের একজনের ছোড়া গুলিতে পারভেজ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে পারভেজের ভাই ফরহাদ হোসেন আশুলিয়া থানায় একটি মামলা করেন।
ঘটনার পরপরই দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারে আশুলিয়া, সাভার ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।