সিরাজগঞ্জ আওয়ামী লীগের কমিটিতে সাংবাদিক হত্যা মামলার আসামি

হালিমুল হক
ছবি: সংগৃহীত

ত্রিবার্ষিক সম্মেলনের প্রায় এক বছর পর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি পত্রে আগামী তিন বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে নবগঠিত এই কমিটিতে হত্যা মামলার আসামি শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক ওরফে মিরুর পদ পাওয়া নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

হালিমুল হক জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ পেয়েছেন। তিনি সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি। দীর্ঘ অপেক্ষার পর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হওয়ায় উচ্ছ্বসিত ও আনন্দিত নেতা-কর্মীরা। তবে এ কমিটিতে হালিমুল হক পদ পাওয়ায় শিমুলের পরিবার ও সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসানকে সভাপতি ও আবদুস সামাদ তালুকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সম্মেলনের প্রায় এক বছর পর রোববার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এদিকে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌরশহরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম ওরফে শিমুল গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় শিমুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরদিন অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে শিমুলের মৃত্যু হয়। শিমুলের পরিবারে দাবি, হালিমুল হকের ছোড়া গুলিতে শিমুল গুলিবিদ্ধ হন। হালিমুল হক ওই সময় শাহাজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় শিমুলের স্ত্রী বেগম নুরুন্নাহার খাতুন বাদী হয়ে হালিমুল হকসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেপ্তারের পরপরই কেন্দ্র থেকে হালিমুল হককে সাময়িক বহিষ্কার করে আওয়ামী লীগ। পরে মেয়র পদ থেকেও তাঁকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মামলার বিচারপ্রক্রিয়া ছয় বছর ধরে ঝুলে আছে। এর মধ্যে হালিমুল হক দলীয় কমিটিতে পদ পাওয়ায় সাংবাদিক শিমুলের স্ত্রী বেগম নুরুন্নাহারসহ তাঁর স্বজন ও সাংবাদিকেরা উদ্বেগ জানিয়েছেন।
নুরুন্নাহার বলেন, ‘দীর্ঘ ছয় বছরেও কোনো প্রকার বিচার না পেয়ে আমরা হতাশ। এমনিতেই আসামি মিরুসহ (হালিমুল হক) অন্য আসামিরা জামিনে মুক্ত হয়ে মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এর মধ্যে প্রধান আসামি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হয়েছেন। এতে প্রভাব আরও বাড়বে। এ কারণে আমরা চরম আশাহত হয়েছি।’

শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুণ্ডু বলেন, শিমুল হত্যার পর দীর্ঘ ছয় বছরেও মামলার কার্যক্রম আগাচ্ছে না। এর মধ্যে মামলার প্রধান আসামিকে জেলা আওয়ামী লীগের কমিটিতে পদ দেওয়া হয়েছে। এতে বিচার পাওয়ার পথ আরও ক্ষীণ হলো।

জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান প্রথম আলোকে বলেন, সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের মামলায় হালিমুল হককে আসামি করা হলেও তিনি তো এখনো দোষী সাব্যস্ত হননি। আর ছয় বছর আগে হালিমুলকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হলেও স্থায়ী বহিষ্কার করা হয়নি। দলের গঠনতন্ত্র অনুযায়ী, অভিযুক্ত হলে তিনি পদ পাবেন না—এমন কোনো বিধানও নেই। তাই কার্যনির্বাহী কমিটির খসড়া তালিকায় তাঁকে সদস্য করে কেন্দ্রে পাঠানো হয়। মামলাটির বিচার কার্যক্রম এখনো শেষ হয়নি। মামলার বিচারে হালিমুল অভিযুক্ত প্রমাণিত হলে তখন তাঁকে বাদ দেওয়া হবে।

হালিমুল হক প্রথম আলোকে বলেন, `সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় আমাকে আসামি করা হয়েছে। এ ছাড়া এই মামলায় এখনও তো আমাকে দোষী সাব্যস্ত করা হয়নি। মামলাটি বিচারাধীন। এ কারণে দলের গঠনতন্ত্র অনুযায়ী, আমি যেকোনো পদে অধিষ্ঠিত হতে পারবো। যখন আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তখন আমার দল অবশ্যই আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’