
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় অব্যাহতি পাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান (অপু ঠাকুর) ৮১ দিন পর আবারও পদ ফিরে পেয়েছেন। আজ সোমবার এনসিপির কেন্দ্রীয় কমিটি আগের অব্যাহতির আদেশ প্রত্যাহার করে তাঁকে জেলা আহ্বায়ক পদে পুনর্বহাল করে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর সেল) সাদিয়া ফারজানা দিনার সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে বলা হয়, গত ২২ জানুয়ারি এক স্মারকে হাসিবুর রহমানকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা ও কার্যকারিতা বিবেচনায় দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নির্দেশক্রমে সেই আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক পদে পুনর্বহাল করা হয়।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে ১১-দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন হাসিবুর রহমান। এ কারণে নির্বাচনের ২১ দিন আগে তাঁকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতির পর হাসিবুর রহমান বলেছিলেন, ‘আমি জামায়াতের পক্ষে কাজ না করায় আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকালীন জামায়াতের গণহত্যার দায়ভার রয়েছে। আমি তাদের পক্ষে কাজ করতে পারি না।’
নির্বাচনে জামায়াতের প্রার্থী ইলিয়াস মোল্লা বিজয়ী হন। অন্যদিকে হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হাসিবুর রহমান ৪৫৫ ভোট পেয়ে জামানত হারান।
হাসিবুর রহমান বলেন, ‘আমাকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে দলের কেন্দ্রীয় নেতারা আমাকে জানিয়েছেন এবং পত্র পাঠিয়েছেন।’ তিনি বলেন, ‘দলে পদ ফিরে পেয়েছি এটা আমার ও আমার দলের সহকর্মীদের জন্য একটি স্বস্তিদায়ক সংবাদ।’ ফরিদপুর জেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা কাটাতে ও মাঠপর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নতুন উদ্যমে কাজ শুরু করবেন বলে জানান তিনি।