
চট্টগ্রামের ফটিকছড়িতে চলন্ত মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে মুহাম্মদ খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নাজিরহাট-কাজিরহাট সড়কের চুইর খাঁ বাজারের পশ্চিম দিকে এ দুর্ঘটনা ঘটে।
খোরশেদ আলম স্থানীয় নাজিরহাট জননী ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের পরিচালক। তিনি উপজেলার সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুয়াবিল গ্রামের মুহাম্মদ আবুল কাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে খোরশেদ বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে তাঁর কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। চুইর খাঁ বাজারের কাছাকাছি পৌঁছালে খোরশেদ নিয়ন্ত্রণ হারান। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ির ভূজপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমন দাশ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছেন।