যশোরে হত্যা মামলার আসামির লাশ নিয়ে বিক্ষোভ

যশোরে হত্যা মামলার আসামির লাশ নিয়ে স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভ। সোমবার দুপুরে যশোর শহরে
ছবি: প্রথম আলো

যশোর শহরের চাঁচড়া এলাকায় হত্যা মামলার আসামি রনি হোসেন শেখ (২৫) নামের এক ব্যক্তিকে খুনের ঘটনায় বিচারের দাবিতে তাঁর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও স্বজনেরা।

আজ সোমবার দুপুরে শহরের দড়াটানা মোড় থেকে শুরু হওয়া মিছিলটি প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

এর আগে গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার চাঁচড়া বর্মণপাড়া এলাকার শ্মশানের পাশে খাল থেকে রনির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রনি শেখ চাঁচড়ার মৎস্য ব্যবসায়ী ইমরোজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, নিহত রনির বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ ৯টি মামলা আছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্থানীয় কুলিন বর্মণের ছেলে রকিকে (১৯) আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার বিকেলে পূজা দেখার কথা বলে বাড়ি থেকে রনিকে ডেকে নিয়ে যান স্থানীয় দুই ব্যক্তি। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন তাঁর স্বজনেরা। কোথাও তাঁর সন্ধান না পেয়ে গতকাল রনির বাবা বাবর আলী শেখ কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ সন্দেহভাজন হিসেবে চাঁচড়া এলাকার রকিকে আটক করে। রকির দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁচড়ার বর্মণপাড়া শ্মশানের পাশে খাল থেকে রনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাশ নিতে এসে আহাজারি করছিলেন রনির স্ত্রী সোনিয়া খাতুন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী হত্যার বিচার চাই। আমার দুধের শিশুরে যারা বাপহারা করেছে, তাদের ফাঁসি চাই।’

স্থানীয় ও পুলিশের একটি সূত্র জানায়, শনিবার রনিকে মদ খাওয়ানোর জন্য ডেকে নিয়ে যান রকি। এরপর আর খোঁজ মেলেনি রনির। তাঁর গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নিহত রনি একই এলাকার ইমরোজ হত্যা মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। ইমরোজ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেও রনিকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।