
চীন ও ভারতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের (কোভিড-১৯) অমিক্রন ধরনের নতুন উপধরন বিএফ-৭-এর সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে চেকপোস্টের হেলথ স্ক্রিনিং বুথে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
বিশেষ করে ভারত থেকে আসা যাত্রীদের থার্মাল স্ক্যানার ও ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপার পাশাপাশি সন্দেহভাজন যাত্রীর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। বেলা তিনটা পর্যন্ত চারজন ভারতীয় নাগরিকের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। তবে এই চারজনের রিপোর্টই নেগেটিভ এসেছে।
হেলথ স্ক্রিনিং বুথের কর্তব্যরত চিকিৎসক ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. জহির উদ্দিন বলেন, অমিক্রনের উপধরন বিএফ-৭-এর সংক্রমণ রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে আসা সব যাত্রীর স্বাস্থ্যগত তথ্যগুলো নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করা হচ্ছে। কাউকে সন্দেহ হলে চেকপোস্টেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। যদি কেউ পজিটিভ হন, তাহলে কোয়ারেন্টিনে রাখা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মুহাম্মদ একরাম উল্লাহ বলেন, আখাউড়া স্থলবন্দরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম আরও জোরদার করার জন্য গতকাল রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দেশনা আসে। এর পরিপ্রেক্ষিতে করোনার সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।