তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে আবার দুর্ঘটনা

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খারুভাজ সেতুর পশ্চিম দিকের একটি পিকআপ ভ্যান উল্টে যায়
ছবি: প্রথম আলো

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রংপুর–দিনাজপুর মহাসড়কের খারুভাজ সেতুর কাছে আবারও দুটি দুর্ঘটনা ঘটেছে। এতে কোনো প্রাণহানি হয়নি। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যায়। এ ছাড়া আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে একটি পিকআপ ভ্যান উল্টে যায়।

গত ৯ দিনে খারুভাজ সেতুর পশ্চিম দিকের ১০০ মিটার এলাকায় ৪টি দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জগামী আহসান পরিবহনের বাসের চালক গতকাল রাত সাড়ে নয়টার দিকে খারুভাজ সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ওই বাসে ৬০ যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে আতঙ্কিত হয়ে পাঁচ যাত্রী জানালা দিয়ে বাইরে ঝাঁপ দিলে আহত হন।

ওই বাসের যাত্রী বদরগঞ্জের লালদীঘি গ্রামের রাশেদুল ইসলাম (৫০) বলেন, ‘আমাদের গাড়িটি খুব গতিতে ছিল। বাসের সামনে থাকা দুটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক করলে আমাদের বাসটির চালক নিয়ন্ত্রণ হারান।’

গতকাল সোমবার রাতে খারুভাজ সেতুর পশ্চিম দিকে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যায়

তারাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক আকতারুল ইসলাম বলেন, বাসটিকে খাদ থেকে তোলা হয়েছে। পিকআপ ভ্যানটিও উদ্ধার করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খারুভাজ সেতুর পশ্চিম দিকে ২টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন। ১১ সেপ্টেম্বর ভোরে সেতুর একই স্থানে অ্যাম্বুলেন্স ও মিনিবাসের মুখোমুখি সংর্ঘষে এক নবজাতকসহ চারজন নিহত হন।