
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক) আসনের উপনির্বাচনে ১৪–দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দীন আহম্মেদের কাছে হেরেছেন। ১১ হাজার ৩৫৬ ভোট পেয়ে তিনি জামানত হারিয়েছেন। নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে ভরাডুবির কারণসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রথম আলোর ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খান।
প্রথম আলো: আপনি এবার উপনির্বাচনে ১৪–দলীয় জেটের প্রার্থী ছিলেন। এ নির্বাচন কেমন হয়েছে বলে মনে করেন?
ইয়াসিন আলী: নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ছিল। তবে ভোট পড়ার হার ও ফলাফলটা অপ্রত্যাশিত হয়েছে। ভোটের শুরুতে বিরূপ আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম ছিল। এ ছাড়া ইভিএমে ভোটদানে ভোটারদের বিড়ম্বনার কথা জেনেছি। সব মিলিয়ে নির্বাচনের আয়োজনটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। নির্বাচনে হাফিজউদ্দীন নির্বাচিত হয়েছেন। তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা।
প্রথম আলো: প্রচারণার শুরুতে আপনি আওয়ামী লীগের অসহযোগিতার কথাটি জানিয়েছিলেন। সে সংকট কি শেষ পর্যন্ত কেটেছিল?
ইয়াসিন আলী: ১৪–দলীয় জোটে নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ। এই আসনে আওয়ামী লীগের ভোটব্যাংক রয়েছে। আমরা আশা করেছিলাম, তাঁরা সব সময় আমার পাশে থাকবেন। ভোটের প্রচারণায় অংশ নেবেন। আমরাও সে কথা মাথায় রেখে নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু যেমনটি আশা করেছিলাম, আওয়ামী লীগের নেতা-কর্মীকে সেভাবে পাওয়া যায়নি। এ অবস্থায় জোটের প্রার্থীর বিজয় সুনিশ্চিতে সহযোগিতার জন্য ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতিকে চিঠি দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর নেতারা দু-একটা পথসভা, সমাবেশে থাকলেও স্বতঃস্ফূর্ত ছিলেন না। আর তাঁরাই মাঠে কর্মীদের ঠেকিয়ে রাখেন। শেষ পর্যন্ত সেই সংকট কাটানো যায়নি। এমন সিদ্ধান্ত নিয়ে তাঁরা আওয়ামী লীগের রাজনীতিই ক্ষতি করলেন।
প্রথম আলো: এ আসনের সব কেন্দ্রে হাতুড়ি প্রতীকের পোলিং এজেন্ট দিতে পারেননি। নির্বাচন করতে নেমে এমন ছন্নছাড়া অবস্থা কেন?
ইয়াসিন আলী: আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশে না পেলেও আমরা শুরু থেকেই নিজস্ব পরিকল্পনা করেই প্রচারণায় নেমে পড়ি। হাতে কম সময় থাকায় সব এলাকায় গণসংযোগ করার সুযোগ হয়নি। এরপরও চেষ্টা করে গেছি। প্রায় সব কেন্দ্রেই হাতুড়ির পোলিং এজেন্ট দেওয়া হয়েছিল। ভোটের পরিস্থিতি দেখে হয়তো তাঁদের কেউ কেউ দায়িত্ব ছেড়ে চলে এসেছেন। আপনারা হয়তো সেসব কেন্দ্রের কথা বলছেন।
প্রথম আলো: ২০১৪ সালের নির্বাচনে আপনি হাতুড়ি নিয়ে জয়ী হয়েছিলেন। এবার ১১ হাজার ৩৫৬ ভোট পেলেন; এত অল্প ভোট পাওয়ার পেছনের ঘটনা কী?
ইয়াসিন আলী: ২০১৪ সালের নির্বাচনে শরিক দলের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছিলাম। এবার তাঁরা অসহযোগিতার পাশাপাশি ষড়যন্ত্র করেছেন। এ নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির চাওয়া-পাওয়ার একটা বিষয়ও কাজ করেছে। তাঁরা (আওয়ামী লীগ নেতা) হয়তো ভেবেছিলেন, আমি জয়ী হলে ভবিষ্যতে তাঁদের মনোনয়ন পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। সে কারণে ভেতরে-ভেতরে আমাকে হারানোর পরিকল্পনা করেছিলেন তাঁরা।
আপনি জানেন, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের ভোটব্যাংক। নির্বাচনে সেই সম্প্রদায়ের একজন প্রার্থী ছিলেন। আওয়ামী লীগের হিন্দু সম্প্রদায়ের ভোটাররা এক হয়ে একতারা প্রতীকে ভোট দেন। আর মুসলিম ভোটারের একটা অংশ চলে যায় লাঙ্গলের দিকে। তবে এত কম ভোট পাব—এটা ভাবিনি। আওয়ামী লীগের ওপর অনেক বেশি ভরসা করাটাই আমাদের ভুল ছিল। তারা যে এমন ষড়যন্ত্র করবে, তা বুঝতে পারিনি। আজকে যে আমার পরাজয় হলো, এটা শুধু আমারই পরাজয় হলো না; এখানে ১৪–দলীয় জোটেরও পরাজয় হলো। আর জোটের পরাজয় মানে আওয়ামী লীগেরও পরাজয়।
প্রথম আলো: নির্বাচনে ধর্মীয় বিভাজন সৃষ্টি করে ভোটের মাঠ দখলে নেওয়া হয়েছে, এটা এলাকার রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে?
ইয়াসিন আলী: এ নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক মেরুকরণ দেখলাম। এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন যাঁরা আওয়ামী লীগ করেন, তাঁরা এক হয়ে তাঁদের সম্প্রদায়ের এক প্রার্থীর পক্ষে নেমে পড়লেন, যার প্রভাব ভোটের ফলাফলে পড়ল। এটা ভবিষ্যতের জন্য অশনিসংকেত। এই বিভাজন দিনের পর দিন থেকে যাবে।
প্রথম আলো: সামনেই জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আপনি প্রার্থী হবেন কী?
ইয়াসিন আলী: আমাদের দলে কেউ চাইলেই প্রার্থী হতে পারেন না। কে কোথায় প্রার্থী হবেন, তা কেন্দ্র নির্ধারণ করে। কেন্দ্র সিদ্ধান্ত দিলে তখন আমি পরিস্থিতি বিবেচনা করে দেখব।
প্রথম আলো: আপনার নির্বাচনী এলাকার ভোটারদের আপনি কি কিছু বলতে চান?
ইয়াসিন আলী: এবারের নির্বাচনে ভোটাররা যা করেছেন, নিজস্ব চিন্তা থেকে করেছেন। তাঁদের কাছে আমার প্রত্যাশা, ভবিষ্যতে তাঁরা ব্যক্তির কর্মকাণ্ডের বিচার করে তাঁকে মূল্যায়ন করবেন। আর এই কঠিন সময়ের মধ্যে যাঁরা আমাকে সমর্থন দিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।