পঞ্চগড়ে নদীতে বালু-পাথর তোলার সময় একটি মর্টার শেল পেয়েছেন স্থানীয় শ্রমিকেরা। গতকাল বুধবার
পঞ্চগড়ে নদীতে বালু-পাথর তোলার সময় একটি মর্টার শেল পেয়েছেন স্থানীয় শ্রমিকেরা। গতকাল বুধবার

পঞ্চগড়ে নদীতে বালু-পাথর তোলার সময় মিলল মর্টার শেল, উদ্ধার করল পুলিশ

পঞ্চগড়ে নদীতে বালু-পাথর তোলার সময় একটি মর্টার শেল পেয়েছেন স্থানীয় শ্রমিকেরা। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা-পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে তাদের হেফাজতে নিরাপদ স্থানে রেখেছে।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ঝিটকিখুরা এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করে পুলিশ। এর আগে ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতমেরা ইউনিয়নের চিলকা নদী থেকে মর্টার শেলটি পান শ্রমিকেরা।

ঝিটকিখুরা এলাকার বাসিন্দা আবদুস সালাম প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার বিকেলে পার্শ্ববর্তী চিলকা নদীতে বালু ও পাথর তোলার কাজ করছিলেন আনোয়ার হোসেন, ফেরদৌস আলী, মমিনুল ইসলামসহ কয়েকজন শ্রমিক। এ সময় পানির নিচ থেকে তাঁদের পাথর-বালু তোলার জালে লম্বাকৃতির একটি লোহার দণ্ড উঠে আসে। পরে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় তাঁরা বস্তুটি ভ্যানে ঝিটকিখুরা এলাকায় এনে তাঁকে জানান। বস্তুটি মর্টার শেল বলে বুঝতে পেরে নিরাপদ দূরত্বে রেখে পুলিশকে খবর দেন তিনি। পরে রাত পৌনে ১২টার দিকে পুলিশ মর্টার শেলটি নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, মর্টার শেলটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এ জন্য মরিচা ধরে এর গায়ের লেখা বোঝা যাচ্ছে না। এটিকে নিরাপদ স্থানে রেখে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা এসে দেখার পর পরবর্তী পদক্ষেপ নেবে।