
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের উজান চরনওপাড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের কিনার থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই কিশোরীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার আনুমানিক বয়স ১৩ থেকে ১৪ বছর। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ব্রহ্মপুত্র নদের পানির স্রোতে লাশটি পাক খেয়ে কিনারে এসে পৌঁছায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পরে নদের পাড়েই সুরতহাল করে ওই লাশ মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন বলছেন, নিহত কিশোরীর শরীরের কিছু অংশ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।