পিরোজপুর ও পটুয়াখালীতে এডিস মশার লার্ভার সন্ধান পেয়েছে স্বাস্থ্য বিভাগ।
তবে বরিশাল নগরে এডিসের লার্ভা আছে কি না, সে ব্যাপারে অনুসন্ধান হয়নি।
বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বশেষ আরও এক নারীর মৃত্যু হয়েছে। বকুল রানী (৭০) নামের ওই নারী গত বৃহস্পতিবার রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মারা যান। তিনি বরিশালের উজিরপুর উপজেলার জোবারপার গ্রামের বাসিন্দা ছিলেন। গত ২৯ জুলাই এ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন তিনি। এ নিয়ে বরিশাল বিভাগে এ মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হলো।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া এই ১২ জনের মধ্যে ৯ জনই মারা গেছেন জুলাই মাসে। এ ছাড়া একজন এপ্রিলে, একজন মারা যান গত ২৮ জুন এবং সর্বশেষ ৩ আগস্ট একজন মারা গেলেন।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১০ জন
এদিকে বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বেড়ে চললেও ডেঙ্গু মোকাবিলায় মাঠপর্যায়ে কোনো উদ্যোগ নেই। স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে মাঠপর্যায়ে সম্মিলিতভাবে যে ধরনের কার্যক্রম ছিল, ডেঙ্গু প্রতিরোধে এখন একই ধরনের পদক্ষেপ দরকার। সরকারি-বেসরকারি পর্যায়ের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কোনো বিকল্প নেই।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বিভাগের পিরোজপুর ও পটুয়াখালী জেলায় স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে এডিস মশার লার্ভা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। তবে বরিশাল সিটি করপোরেশন এলাকায় এডিসের লার্ভা আছে কি না, সে ব্যাপারে অনুসন্ধান চালানো হয়নি। ফলে সিটি করপোরেশনে এডিস মশার উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া স্বাস্থ্য বিভাগ বরিশাল সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের আলাদা তথ্য সংগ্রহ করে না বলে সিটি করপোরেশন এলাকায় আক্রান্তের সংখ্যা কেমন, তা-ও ধারণা করা যাচ্ছে না।
বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগ সূত্র জানায়, সিটি করপোরেশনে কীটতত্ত্ববিদের কোনো পদ নেই। আর লার্ভা শনাক্ত করার জন্য প্রয়োজনীয় ল্যাবও নেই। স্বাস্থ্য বিভাগ এবং সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সহায়তায় কাজটি সম্পন্ন করে সিটি করপোরেশন। তবে এ বছর এখনো এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হয়নি।
পরিচ্ছন্নতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা না প্রকাশ না করার শর্তে গতকাল প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনে এলাকায় এডিসের লার্ভার অস্তিত্ব শনাক্তের জন্য আইইডিসিআরের সঙ্গে যোগাযোগের জন্য তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। তবে এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।
বরিশাল নগরে মশার উৎপাত আগের চেয়ে এখন অনেক বেশি। এর ওপর কয়েক দিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাত ও উচ্চ জোয়ারের কারণে নালা ও নগরের বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে মশার উৎপাত আরও বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে, যা ডেঙ্গুর প্রকোপ বাড়িয়ে তুলতে পারে।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বর্তমানে সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে মশকনিধনে ১০০ জনবল কাজ করছে। প্রতিটি ওয়ার্ডে পাঁচটি করে দলে বিভক্ত হয়ে প্রতিদিন সকালে নালাগুলোতে হ্যান্ড স্প্রে ছিটিয়ে মশার লার্ভা নিধন এবং বিকেলে ফগার মেশিন দিয়ে মশা নিধন করার কার্যক্রম চলমান আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১০ জন। এই ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫, পটুয়াখালী জেলার অন্যান্য হাসপাতালে ৩১, পিরোজপুরে ৩১, বরগুনায় ২২ ও ভোলায় ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ঝালকাঠি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি। গতকাল নতুন-পুরোনোসহ বরিশাল বিভাগের সব হাসপাতাল মিলিয়ে ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন ৮৬১ জন। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি ছিলেন ২৩৭ জন।
স্বাস্থ্য বিভাগ বলছে, গত ঈদুল আজহার পরপরই বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করে। ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত এই বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন ৬ হাজার ৩৭৬ জন।