গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ঢাকা-গাজীপুর রেললাইনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
আজ রোববার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
এলাকাবাসী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাত সোয়া ৯টার দিকে ধীরাশ্রম এলাকা অতিক্রমের সময় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের চ এবং ঙ বগি দুটি লাইনচ্যুত হয়। পরে ট্রেনটি দ্রুত থামিয়ে দেওয়া হয়। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বলেন, ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচলকারী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আপাতত উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এনে বগি লাইনে তোলা হবে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিদ বলেন, ট্রেনের বগি উল্টে যাওয়ার খবর পেয়ে আহত যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।