
পরিপাটি করে সাজানো–গোছানো ক্যাম্পাসে অন্যান্য দিনগুলোর চেয়ে আজ একটু বেশিই প্রাণচঞ্চল সবাই। দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন শিক্ষার্থীরা। তাঁদের মাথায় কালো ক্যাপ, পরনে গাউন। কেউ ছবি তুলছেন, কেউ ব্যস্ত বন্ধুর সঙ্গে খোশগল্প আর খুনসুটিতে। তবে কারও কারও মনে ভর করেছিল বেদনাও। শিক্ষাজীবন শেষ করে নানা স্মৃতি, আবেগ আর ভালোবাসার ক্যাম্পাস ছেড়ে যেতে হবে, এ আবেগে ভারাক্রান্ত হয়েছিলেন অনেকে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বাদশ সমাবর্তনের চিত্র এটি।
আজ শনিবার সকালে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে এ সমাবর্তনের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সমাবর্তনের সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। সমাবর্তন বক্তা ছিলেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক হাসান দিয়াব। স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান। ভ্যালেডিকটোরিয়ান বক্তব্য দেন টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের গ্র্যাজুয়েট মাশহুর সাদ করিম।
সকাল ১০টা ৪৭ মিনিটে সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। এরপর স্বাগত বক্তব্য দেন মো. সবুর খান। পরে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হাসান দিয়াবের মানবিকতা, শিক্ষা ও নেতৃত্বের ওপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা একে একে উপদেষ্টা বিধান রঞ্জনের কাছ থেকে শিক্ষা সমাপনী ডিগ্রি গ্রহণ করেন।
সমাবর্তন উপলক্ষে আগে থেকেই পুরো ক্যাম্পাস সাজানো হয় বর্ণিল সাজে। সমাবর্তনের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে নির্দিষ্ট আসনে বসে অভিভাবকেরাও সমাবর্তন অনুষ্ঠান উপভোগ করেন। সমাবর্তনের মূল অনুষ্ঠান শেষে দল বেঁধে ছবি তোলা, খোশগল্প আর খুনসুটিতে ব্যস্ত হয়ে পড়েন শিক্ষার্থীরা। অনেকে আবার আকাশের দিকে সমাবর্তনের ক্যাপ ছুড়ে উল্লাস করেন।
শিক্ষার্থী সুরাইয়া আক্তার জানভী প্রথম আলোকে বলেন, ‘এই ক্যাম্পাস আমার ভীষণ পছন্দের। একসময় মনে হতো, কবে পড়াশোনা শেষ হবে; কিন্তু আজ যখন শেষ হলো, তখন বন্ধুদের ছেড়ে থাকতে হবে, এই ক্যাম্পাস ছেড়ে থাকতে হবে—এটা ভেবে কষ্ট লাগছে। মনে হচ্ছে, কী যেন নেই।’ শিক্ষার্থী মিনহাজুল ইসলাম নিশান প্রথম আলোকে বলেন, ‘আজকের দিনটি আমাদের সবার জন্যই স্বপ্নের দিন। যখন ভর্তি হয়েছিলাম, তখন থেকে এ দিনটির জন্য সবাই অপেক্ষা করেছিলাম। এই ক্যাম্পাসে আমরা বেড়ে উঠেছি। ক্যাম্পাসের আড্ডা, বন্ধু, শিক্ষকসহ সবাইকে ভীষণ মিস করব।’
সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের মানবিক মানুষ হয়ে বিশ্বসভায় দেশের মুখ উজ্জ্বল করার আহ্বান জানানো হয়। সরকারের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের দেশের সম্পদ, দেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের একাংশ। আপনাদের আগামী দিনের কার্যক্রমের ওপর নির্ভর করছে আমাদের দেশের উন্নতি ও সমৃদ্ধি। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তির মহাসড়কে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তরুণেরাই এ দেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখাচ্ছে। আপনাদের উদ্যোগেই ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাক্স্বাধীনতার।’
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নানা সফলতা তুলে ধরে বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘শিক্ষার পরিবেশ, গুণগত মান, শিক্ষা প্রদান সংক্রান্ত সব কর্মক্ষমতা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শর্ত পূরণ করে স্থায়ী সনদ অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। নাসা আয়োজিত আন্তর্জাতিক হ্যাকাথন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় একাধিকবার এ বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের দলটি ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছে এবং একবার টিম ডায়মন্ডস “মোস্ট ইন্সপিরেশনাল প্রজেক্ট” হিসেবে পুরস্কৃতও হয়েছে। সর্বশেষ আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ১২৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ২১টি ইভেন্টের মধ্যে ১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জপদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে এ বিশ্ববিদ্যালয়।’
স্বাগত বক্তব্যে মো. সবুর খান বলেন, ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি ডিজিটাল ও উদ্যোক্তা পাওয়ার হাউস। প্রযুক্তিচালিত বিশ্বের জটিলতাগুলো সমাধানের জন্য আমরা আমাদের শিক্ষার্থীদের সরঞ্জাম দিয়ে সজ্জিত করেছি। শিক্ষার্থীরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে ব্লকচেইন, ই-কমার্স থেকে ডিজিটাল মার্কেটিংয়ে নেতৃত্ব দেওয়ার দক্ষতার অধিকারী। আজ শিক্ষার্থীদের অভিভাবকদের পাশাপাশি আমরাও শিক্ষার্থীদের এ অর্জনে গর্বিত। এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শুধু সার্টিফিকেটের জন্য শিক্ষা দেওয়া হয় না। একই সঙ্গে বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া হয়, যার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করে সঠিক কর্মক্ষেত্র নির্বাচনসহ নিজের কর্মজীবনে দক্ষতা প্রমাণের মধ্য দিয়ে সফল হতে পারে।’
সবুর খান আরও বলেন, ‘কর্মক্ষেত্রে কাজের মধ্য দিয়ে তোমরা (গ্র্যাজুয়েটরা) তোমাদের দক্ষতাকে প্রমাণ করবে। তোমরা কোনো প্রতিষ্ঠানে চাকরি চাইবে না; বরং বলবে, সুযোগ দিতে, যেন এর মধ্য দিয়ে দক্ষতার প্রমাণ দিয়ে বলতে পারো, তোমরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে শিখেছ।’
সমাবর্তন বক্তা লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেন, ‘ডিআইইউ ব্লেন্ডেড লার্নিং সেন্টার, ব্লকচেইন-চালিত ডিজিটাল সার্টিফিকেট সিস্টেম এবং রূপান্তরমূলক, “একজন ছাত্র, একটি ল্যাপটপ” প্রোগ্রামের মতো সাহসী উদ্যোগ নিয়েছে। যার মাধ্যমে ৬৫ হাজার শিক্ষার্থী উপকৃত হয়েছে। এর মধ্য দিয়ে এটাই স্পষ্ট হয় যে এটা নিছক শিক্ষা নয়, এটা ক্ষমতায়ন, সেতুবন্ধ ও উদ্ভাবনকে উৎসাহিত করে। আন্তর্জাতিকীকরণের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে শাখা ক্যাম্পাস চালুর মধ্য দিয়ে ডিআইইউ একটি বৈচিত্র্যময় ছাত্রসম্প্রদায়কে বিশ্বমানের শিক্ষা প্রদানে তার প্রতিশ্রুতি ও যোগ্যতা প্রদর্শন করেছে।’
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান বলেন, ‘এই সমাবর্তন কোনো শিক্ষার্থীর জন্য পড়াশোনার সমাপ্তি নয়; বরং এর মাধ্যমে জীবনমুখী শিক্ষার নতুন যাত্রা শুরু বলা যায়। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে কাজ করেছে। এখন সময় শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে নিজেদের মেলে ধরার।’
এবারের সমাবর্তনে ৩ হাজার ৯৫১ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ জন গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর, চেয়ারম্যান ও উপাচার্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক দেওয়া হয়। এর মধ্যে চ্যান্সেলর ক্যাটাগরিতে স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন ফার্মেসি বিভাগের আবু ফারহান সিয়াম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জাবেদ হাসান, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের হুমায়রা আসিমা মিম, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মাসহুর সাদ করিম এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আশিকুল হক।