সিদ্ধিরগঞ্জে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার মানচিত্র
নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় একজন অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার আটি ওয়াপদা কলোনি এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মো. সুজন মিয়া (৪৫) নামের ওই রিকশাচালক চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি শাহী মসজিদের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত সুজনের পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় সুজন মিয়া অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। আজ সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে তাঁর স্বজনেরা লাশটি শনাক্ত করেন। পুলিশের ধারণা, শুক্রবার রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা সুজন মিয়াকে হত্যা করে পালিয়ে যায়। নিহত সুজনের পাশে একটি অটোরিকশা ছিল। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।