সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

চট্টগ্রামে রডবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

চট্টগ্রাম নগরের পলিটেকনিক সড়কে লোহার রডবাহী ট্রেলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে মোটরসাইকেল আরোহী আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছে। হতাহত তিনজনের বয়সই ১৭ বছর। আজ শনিবার সন্ধ্যা ছয়টায় পলিটেকনিক সড়কের আগা খাঁর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নগরের খুলশী থানার তথ্য অনুযায়ী, নিহত স্কুলছাত্রের নাম মোহাম্মদ সজীব। সে নগরের পাহাড়তলী এলাকার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। পরিবারের সঙ্গে পাহাড়তলীর এক্সইএন কলোনিতে ভাড়া থাকত সে। দুর্ঘটনায় গুরুতর আহত অন্য দুজন হলো নাহিদ হায়দার ও মো. শাহীন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) সুবীর পাল প্রথম আলোকে বলেন, লোহার রড নিয়ে ট্রেলার যাচ্ছিল। এ সময় সজীবদের বহনকারী মোটরসাইকেলের সঙ্গে ট্রেলারের ধাক্কা লাগে। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিল। ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়। অন্য দুজনও আহত হয়। স্থানীয় লোকজন তাদের চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছে।