
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ওরস থেকে ফেরার পথে ৩০টি সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতির ঘটনায় ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছেন র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের সদস্যরা।
আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র্যাব-৯–এর অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-৯-এর অধিনায়ক উইং কমান্ডার মমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল সোমবার মধ্যরাতে প্রযুক্তির সহায়তায় নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছয়জন হলেন ডাকাত দলের মূল হোতা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উড়ালকুল গ্রামের আবুল কালাম (২৬), লাখাই উপজেলার মুরিআগ গ্রামের জসিম উদ্দিন (২৪), একই উপজেলার বামে কাটিয়ারা গ্রামের মো. রিপন মিয়া (২১), লাভলু মিয়া (২৩), একই এলাকার মৃত হাজী মলয় মিয়ার ছেলে মাহমুদুল হাসান (৩৫) ও সবুজ সরকার (২১)।
র্যাব-৯-এর অধিনায়ক উইং কমান্ডার মমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, প্রতিবছর ২৬ জানুয়ারি নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামে সৈয়দ আক্তার হুসাইনের বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত উপস্থিত হন। গত শুক্রবার দিবাগত শেষ রাতে ওরস শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন ভক্তরা। পথে উপজেলার চাপরতলা-ছাতিয়াইন সড়কের বুড়ইউরি গ্রামের পাশে পৌঁছালে ১৫–১৬ জনের একটি ডাকাত দল ৩০টি অটোরিকশা থামিয়ে যাত্রীদের চোখ বেঁধে ফেলে। এ সময় তাঁদের কাছে থাকা নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুটে নেয় এবং ৩০ জনকে মারধর করে ও কুপিয়ে আহত করে দলটি।
র্যাব কর্মকর্তা মুমিনুল ইসলাম আরও বলেন, ঘটনার পরদিন ডাকাতির শিকার এক অটোরিকশাচালক বাদী হয়ে নাসিরনগর থানায় একটি মামলা করেন। এরপর গতকাল মধ্যরাতে প্রযুক্তির সহায়তায় উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুরা বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র ছাড়াও ৫টি সাধারণ মুঠোফোন, ৩টি অ্যানড্রয়েড ফোন, ৬ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ৬ জন ৩০টি অটোরিকশায় ডাকাতির কথা স্বীকার করেছেন।