জামালপুরের মেলান্দহ উপজেলায় ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার চর বানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করেন স্থানীয় কয়েকজন।
এই দুজন হলো উপজেলার রায়ের বাকাই এলাকার আবদুর রফিকের ছেলে আল নাফি (৮) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে রিফাত মিয়া (৮)। তারা দুজনই উপজেলার ঝাউগড়া এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, গতকাল বিকেলে বাড়ির পাশের একটি মাঠে গ্রামের অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল নাফি ও রিফাত। খেলা শেষে সন্ধ্যার আগে মাঠের পাশের একটি পুকুরে গোসল করতে নামে ওই দুজন। এরপর থেকে তাদের খোঁজ মিলছিল না। রাতে বাড়ি না ফেরায় দুই শিশুকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। পরে রাত ১১টার দিকে ওই পুকুরের নাফি ও রিফাতের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ওই এলাকায় গিয়েছিল পুলিশ। এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।