মৃত ব্যক্তির জানাজায় অংশ নিতে মাইকে প্রচার করেন রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর কপিল উদ্দিন সিকদার
মৃত ব্যক্তির জানাজায় অংশ নিতে মাইকে প্রচার করেন রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর কপিল উদ্দিন সিকদার

মৃত্যুর খবর পেলেই মাইক নিয়ে বেরিয়ে পড়েন কাউন্সিলর কপিল উদ্দিন

জটিল রোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার ভোরে মারা যান জালাল উদ্দিন (৫৫)। স্বজন হারিয়ে স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েন পরিবারের সদস্যরা। ধর্মীয় রীতি অনুযায়ী মুসলিমদের মৃতদেহের জানাজার ব্যবস্থা করতে হয়। এ দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেন স্থানীয় জনপ্রতিনিধি কপিল উদ্দিন সিকদার। মৃত ব্যক্তির জানাজার প্রচারের জন্য মাইক নিয়ে গ্রামে বেরিয়ে পড়েন তিনি।

কপিল উদ্দিন সিকদার নামের এই জনপ্রতিনিধি চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এলাকার মানুষ মারা গেলে গুরুত্বপূর্ণ এ কাজ তিনি নিয়মিত করেন। শুধু প্রচার নয়, ধর্ম-বর্ণনির্বিশেষে মৃত মানুষের দাফন কিংবা সৎকারে নিজে উপস্থিত থেকে সহযোগিতা করেন।

রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা মৃত জালাল উদ্দিনের ছোট ভাই মো. আরিফ বলেন, ‘বড় ভাই মারা যাওয়ার পর জানাজার প্রচারের জন্য লোক ঠিক করতে সময়ের প্রয়োজন। ওই কাজ কাউন্সিলর কপিল উদ্দিন নিজে করে নিয়েছেন। কাজটি তিনি নিজে দায়িত্ব নেওয়ায় খুব ভালো হয়েছে, আমরা উপকৃত হলাম।’

স্থানীয় মসজিদের ইমাম সাখাওয়াত হোসাইন বলেন, গ্রামে কেউ মারা গেলে তিনি জানাজার প্রচারটি নিজে করেন। এটি একটি সওয়াবের (পুণ্য) কাজ। কাজটি তিনি করাতে শোকাহত পরিবারের একটি কাজের চাপ কমে।

পৌরসভার সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা সঞ্জয় চৌধুরী বলেন, গ্রামের শুধু মুসলমান নয়, সনাতন কিংবা বৌদ্ধ ধর্মের কেউ মারা গেলেও কাউন্সিলর কপিল উদ্দিন প্রচারের কাজটি করেন। সৎকারের কাজেও সহযোগিতা করেন তিনি।

বিদ্যালয়ে পড়ার সময় থেকেই মৃত ব্যক্তির জানাজার প্রচারের কাজটি তিনি করেন বলে জানান পৌর কাউন্সিলর কপিল উদ্দিন সিকদার। তিনি বলেন, ‘কাজটি করতে আমার ভালো লাগে। পৌরসভার নির্বাচনে এবারসহ দুবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। ব্যস্ততার পরও আমি মাইকিংয়ের কাজটা করি। গ্রামে কেউ মারা গেলে প্রচার কিংবা আনুষঙ্গিক কাজ আমি নিজে করার চেষ্টা করি। কেউ মারা গেলে তাঁর পরিবারের সবার মন খুব খারাপ থাকে, শোকাহত থাকে। আমি চিন্তা করি অন্তত তাঁদের পাশে থাকলে পরিবারের লোকজন একটু ভরসা পান। সে জন্য জানাজার প্রচার, কবর খননসহ আনুষঙ্গিক কাজগুলো করার চেষ্টা করি।’