টেকনাফে পানবোঝাই ট্রাক উল্টে যুবক নিহত

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার শিলখালী এলাকায় পানবোঝাই একটি ট্রাক উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম হাসান আহমদ (৩৫)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের বাসিন্দা। গতকাল রোববার রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

পুলিশ সূত্র জানায়, উপজেলার শিলখালী এলাকা থেকে পানবোঝাই ট্রাকটি টেকনাফ সদরের উদ্দেশে রওনা দেয়। ট্রাকের ওপর পানের সঙ্গে চারজন ব্যক্তি অবস্থান করছিলেন। একটি সংযোগ সড়ক থেকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ওঠার সময় ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চারজন চাপা পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হাসান আহমদের মৃত্যু হয়।

বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান প্রথম আলোকে বলেন, নিহত হাসান পেশায় দিনমজুর। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত তিনজনকে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।