
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় রাস্তার পাশে গাছে হাত-পা বাঁধা ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল আটটার দিকে উপজেলার আউটশাহী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম গোবিন্দ দাস (৭০)। তিনি বালিগাঁও বাজারে মাছের ব্যবসা করতেন। বালিগাঁওয়ে মেয়ের বাড়িতে তিনি থাকতেন।
স্থানীয় লোকজন জানান, রোববার সকালে উপজেলার আউটশাহী এলাকার সড়ক দিয়ে যাতায়াতের সময় পাশের একটি গাছের সঙ্গে লুঙ্গি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ ঝুলতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির ভাগনে সুজন দাস বলেন, তাঁর মামা বালিগাঁও বাজারে মাছ বিক্রি করতেন। বিভিন্ন মোকাম থেকে তিনি ভোরে পাইকারি দামে মাছ কিনতে যেতেন। রোববার ভোরে ৩০ হাজার টাকা নিয়ে সদর উপজেলার রিকাবীবাজারে মাছ কিনতে যান। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, গোবিন্দ দাসের মরদেহ গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ঝুলছে।
টাকা ছিনতাইয়ের পর গোবিন্দ দাসের মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে মনে করছেন গোবিন্দ দাসের স্বজন পান্না দাস। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, গোবিন্দ দাসের লাশ গাছের সঙ্গে বাঁধা। তাঁর হাত-পা বাধা ছিল।’
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী প্রথম আলোকে বলেন, গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লোকটি বৃদ্ধ। তাঁর শরীরে হত্যার মতো কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কনুই ও হাঁটুতে কিছুটা জখম ছিল। মৃত্যুর সঠিক কারণ এখনই নিশ্চিত করা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় লোকজন জানান, এই সড়কের তৌলকাই এলাকায় হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের ঘটনা ঘটত। পরে পুলিশ সড়কে নিরাপত্তাচৌকি বসায়। বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়। এখন ওই দিকের ছিনতাই বন্ধ হলেও একই রাস্তার আউটশাহী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।