
কয়েক দিনের টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। বৃষ্টি থামার পর থেকে খানাখন্দ ভরাটের তোড়জোড় শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। কিন্তু মহাসড়কে এত বেশি গর্ত হয়েছে যে দুই দিন ধরেও অস্থায়ী সংস্কারকাজ শেষ করতে পারছে না সওজ। খানাখন্দ সম্পূর্ণ ভরাট করতে আজ শনিবার সারা দিন সময় লাগতে পারে বলে জানায় সওজ।
গতকাল শুক্রবার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের উত্তর বাজার এলাকা ঘুরে দেখা গেছে, চারজন শ্রমিক গর্তগুলো ঘষে ধুলাবালু পরিষ্কার করছেন। বিটুমিনবাহী একটি গাড়ি থেকে টিনের পাত্রে করে উত্তপ্ত বিটুমিন ঢেলে নিচ্ছেন এক শ্রমিক। পরে পরিষ্কার করা গর্তগুলোয় বিটুমিনের প্রলেপ দিচ্ছেন। এরপর পেছনে থাকা আরও তিন শ্রমিক কংক্রিট ও বিটুমিনের মিশ্রণ ওই গর্তগুলোর ওপর ঢেলে ভরাট করছেন। রোলার দিয়ে সেগুলোকে সমান করে দেওয়া হচ্ছে।
গতকাল বেলা দেড়টার দিকে রোলারচালক প্রথম আলোকে বলেন, সকালে ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক থেকে গর্ত ভরাট করার অস্থায়ী সংস্কারকাজ শুরু করেন তাঁরা। ভাটিয়ারী বাজার পর্যন্ত সংস্কার করা হয়েছে। সংস্কারকাজের জন্য মহাসড়কের এক লেন বন্ধ রাখা হয়েছে।
সড়ক ও জনপদ বিভাগের সীতাকুণ্ডের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তাঁরা। টানা বর্ষণে গর্তে পানি জমে থাকলে গাড়ির চাকা পড়ে গর্ত আরও বড় হতে থাকে। সে জন্য তাঁরা চেষ্টা করেছেন সড়কের ওপর যেন পানি জমে না থাকে। পাশাপাশি বর্ষণ চলাকালে সড়কের ওপর পড়া গাছের ডালপালা কাটা, মহাসড়কের পানি নামার ছড়াগুলো পরিষ্কার করা এবং অন্যান্য আবর্জনা পরিষ্কার করার কাজ করেছেন তাঁরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম অংশের (চট্টগ্রাম নগরের সিটি গেট থেকে মিরসরাই উপজেলার ধুমঘাট পর্যন্ত) দৈর্ঘ্য ৬৬ কিলোমিটার। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ কিলোমিটার। অন্য অংশ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় সওজ। সড়ক মেরামত করতে মিরসরাইয়ে দুটি ও সীতাকুণ্ডে দুটি, মোট চারটি দলে ভাগ হয়ে কাজ করছেন সওজের কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারের লোকজন।
রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পর মহাসড়কের খানাখন্দ বিটুমিন ও কংক্রিটের মিশ্রণ দিয়ে ভরাট করার কাজ চলছে। বেশি গর্তের সৃষ্টি হয়েছে মহাসড়কের পুরোনো অংশে। ওই অংশ এখনো পলিমার মডিফাইড বিটুমিন দিয়ে সংস্কার করা হয়নি। এ জন্য যত দ্রুত সম্ভব তাঁরা অস্থায়ীভাবে গর্তগুলো ভরাটের চেষ্টা করে যাচ্ছেন। এ কাজে আজ সারা দিন লেগে যেতে পারে। বৃষ্টি বন্ধ হলে যেখানে বেজ ঠিক রয়েছে, সেখানে পিএমবির পিচঢালাই দিয়ে সংস্কার করা হবে।