গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া গ্রামে ঘূর্ণিঝড় সিত্রাং চলাকালে ঘরচাপায় আনিসুর রহমান (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ভাই আহত হয়েছে। গতকাল সোমবার রাত ১১টায় এ ঘটনা ঘটে।
ঘরচাপায় মারা যাওয়া আনিসুর রহমান ইকুরিয়া গ্রামের বেলায়েত মোল্লার ছেলে। এ ঘটনায় তার বড় ভাই মো. আল আমিন (১১) আহত হয়েছে। আহত আল আমিনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত শিশুর স্বজন মো. মনিরুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যা থেকেই ঘূর্ণিঝড় সিত্রাং চলাকালে ইকুরিয়া গ্রামের মো. মনসুরের মাটির ঘর ভেঙে পাশের বেলায়েত মোল্লার টিনের ঘরের ওপর পড়ে যায়। এতে ওই টিনের ঘরে থাকা আনিসুর রহমান, তাঁর বড় ভাই শারীরিক প্রতিবন্ধী আল আমিন চাপা পড়ে। ধসে পড়া ঘরের একটি ধরনা আনিসুর রহমানের বুকের ওপরের অংশে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় ওই ঘরে থাকা আনিসুর রহমানের বাবা ও মা সামান্য আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ভালো আছেন।
ইকুরিয়া গ্রামের বাসিন্দা মো. ইলিয়াছ বলেন, ধসে পড়ার কিছুক্ষণের মধ্যে আশপাশের লোকজন মাটির দেয়াল ও টিনের ঘরের চালা সরিয়ে সবাইকে উদ্ধার করেন। তবে শিশু আনিসুর রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান প্রথম আলোকে বলেন, ‘ঘূর্ণিঝড়ে মাটির ঘর ধসে গিয়ে পাসের টিনের ঘরকে চাপা দেয়। ওই টিনের ঘরের ভেতর অবস্থান করা আনিসুর রহমান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির এক ভাই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার উদ্যোগ নিচ্ছি। তাদের ঘর তৈরি ও অন্যান্য সরকারি সহযোগিতা করা হবে।’
কাপাসিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ঘরচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেক শিশু। আহত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।