গাইবান্ধা জেলা পরিষদ

৪১৬টি গাছ বিক্রি নিয়ে প্রশ্ন

স্থানীয়দের অভিযোগ, জেলা পরিষদ যেসব সড়ক ও মার্কেটের উন্নয়নের কথা বলে গাছ বিক্রি করেছে, সেখানে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না।

গাইবান্ধা জেলা পরিষদ চত্বরের এসব গাছ বিক্রি করা হয়েছে
ছবি: প্রথম আলো

গাইবান্ধা জেলা পরিষদ নীতিমালা উপেক্ষা করে ৪১৬টি গাছ বিক্রি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব গাছ কাটার প্রক্রিয়াও চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যেসব সড়ক ও মার্কেটের উন্নয়নের কথা বলে গাছ বিক্রি করা হয়েছে, সেসব জায়গায় এখন কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না, আপাতত হওয়ার সম্ভাবনাও নেই।

পরিবেশবিদেরা বলছেন, এত গাছ কেটে ফেললে বৃক্ষসম্পদ উজাড় হবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তবে গাইবান্ধা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, দীর্ঘ এক বছর মূল্যনির্ধারণের কাজ আটকে রাখা হয়। কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তাদের চাপে বন বিভাগ সম্প্রতি জেলা পরিষদের এসব গাছের মূল্য নির্ধারণ করে দিয়েছে।

গাইবান্ধা বন বিভাগ জানায়, নীতিমালা অনুযায়ী গাছ মরার উপক্রম ও বয়স বেশি হলে, হেলে পড়লে বা উন্নয়নকাজের প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে গাছ কাটতে হবে। বিক্রির আগে গাছের মূল্যনির্ধারণ ও নম্বর দিতে হবে। গাছের নম্বর বিষয়ে শরিফুল ইসলাম বলেন, জেলা পরিষদ চত্বরের গাছে নম্বর দিতে দেয়নি কর্তৃপক্ষ। তবে অন্য সব গাছে নম্বর দেওয়া হয়েছে।

অপ্রয়োজনে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে জেলা পরিষদ মূল্যবান গাছ কাটছে বলে অভিযোগ করেন গাইবান্ধা পরিবেশ আন্দোলনের আহ্বায়ক ওয়াজিউর রহমান। তিনি বলেন, কোনো কারণ ছাড়াই এসব গাছ কাটলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। বৃক্ষসম্পদ উজাড় হবে। গ্রিন হাউস সমস্যা দেখা দেবে।

জেলা পরিষদ সূত্র জানায়, গত ২৮ জুলাই জেলার মোট ৪১৬টি জীবন্ত গাছ বিক্রির দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে জেলা পরিষদ কার্যালয় চত্বরে ৪৫টি, সুন্দরগঞ্জ উপজেলা সদরে মার্কেট নির্মাণে ১০টি, নলডাঙ্গা-রহমতপুর সড়কে ৬০টি এবং বামনডাঙ্গা-নলডাঙ্গা সড়কে ৩০১টি। দরপত্র দাখিলের শেষ দিন ছিল ১০ আগস্ট। ওই দিন প্রায় ১৩০টি দরপত্র জমা পড়ে। পরদিন ১১ আগস্ট সেগুলো যাচাই-বাছাই করা হয়। পরে এক কোটি পাঁচ লাখ টাকায় এসব গাছ বিক্রি করা হয়।

দরপত্র বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা সড়ক বিভাগের অধীনে বামনডাঙ্গা (গাইবান্ধা)-শঠিবাড়ী-আফতাবগঞ্জ (দিনাজপুর) মহাসড়ক প্রশস্ত করার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী গাছ কাটা হবে। একই দরপত্রের নিচে যেসব সড়কের কথা বলা হয়, সেগুলো মহাসড়ক নয়, আঞ্চলিক সড়ক।

গতকাল সোমবার সকালে সরেজমিনে জেলা পরিষদ কার্যালয়ের ভেতরে সারি সারি জীবন্ত গাছ দেখা যায়। গাছের নিচে অনেকে বিশ্রাম নিচ্ছেন। এখানকার ৪৫টি গাছ বিক্রি করা হয়েছে। কোনো গাছে নম্বর বসানো হয়নি।

পুকুরসংলগ্ন থানাপাড়ার বাসিন্দা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, বেলার (পরিবেশ আইনবিদ সমিতি) আবেদনের পরিপ্রেক্ষিতে পুকুর ভরাট বন্ধ ও সেখানে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। এর ফলে মিলনায়তন নির্মাণ বন্ধ হয়ে আছে।

জেলা জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বলেন, গাছ কাটা বন্ধ না হলে আন্দোলন গড়ে তোলা হবে।

সরেজমিনে বামনডাঙ্গা-নলডাঙ্গা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো গাছ চোখে পড়েনি। সড়কের সব গাছই জীবিত ও সড়ক থেকে বেশ দূরে। বামনডাঙ্গা এলাকার ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, সড়কে কয়েক কোটি টাকা মূল্যের বিশাল আকৃতির রেইনট্রি, মেহগনির জীবিত গাছ রয়েছে। এক বছর আগে প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এ সড়ক প্রশস্তকরণের কাজ শেষ হয়েছে। এরপর গাছ বিক্রি উদ্দেশ্যমূলক।

কাছ কাটার বিষয়ে জেলা পরিষদের প্রশাসক (সাবেক চেয়ারম্যান) আতাউর রহমান সরকার বলেন, উন্নয়নকাজের জন্য এসব গাছ কাটতে বিভিন্ন দপ্তর চিঠি দেয়। এরপর গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত জেলা সমন্বয় কমিটি সভায় অনুমোদিত হয়। পরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় কাটার অনুমতি দিলে গাছ বিক্রি করা হয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে গাছ কাটা হচ্ছে না।

গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আখতার বলেন, সড়ক প্রশস্ত করার কাজে যে কয়টি গাছ প্রতিবন্ধকতার সৃষ্টি করে, কেবল সেগুলোই চিহ্নিত করে কাটতে বলা হয়েছে, সংখ্যা বলা হয়নি।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম বলেন, তাঁর দপ্তর থেকে জেলা পরিষদকে গত এক বছরে কোনো গাছ কাটতে বলা হয়নি।