কক্সবাজারের প্যাঁচারদ্বীপ মারমেইড সৈকতে বার্নিং ক্র্যাব ফেস্টিভালের লাল কাঁকড়া আকৃতির মঞ্চে নৃত্যগান পরিবেশন করেন তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের শিল্পীরা। আজ রাতে
কক্সবাজারের প্যাঁচারদ্বীপ মারমেইড সৈকতে বার্নিং ক্র্যাব ফেস্টিভালের লাল কাঁকড়া আকৃতির মঞ্চে নৃত্যগান পরিবেশন করেন তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের শিল্পীরা। আজ রাতে

বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল শুরু

নাচগানে মুখর সৈকত, উৎসবে অংশ নিচ্ছেন ১১ দেশের পর্যটক

কক্সবাজার সমুদ্রসৈকতের নিরিবিলি প্যাঁচার দ্বীপ সৈকত। সৈকতের পাশে পরিবেশবান্ধব ইকোট্যুরিজম প্রতিষ্ঠান মারমেইড বিচ রিসোর্ট। আজ বুধবার বিকেল পাঁচটা থেকে মারমেইডের নিজস্ব সৈকতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল। নাচগানে জমজমাট এই উৎসব দেখে মুগ্ধ চার শতাধিক দেশি-বিদেশি পর্যটক। উৎসব ঘিরে আয়োজন করা হয় জমকালো আয়োজন। উৎসবের জন্য মারমেইড বিচ রিসোর্টের আঙিনায় সাজানো হয় পৃথক ছয়টি মঞ্চ। রাত দুইটা পর্যন্ত পৃথক মঞ্চে চলবে ভিন্ন ভিন্ন পরিবেশনা।

বিকেল পাঁচটায় মারমেইড বিচের বালুচরে শুরু হয় সানসেট ও মুন ইটিং পার্টির আয়োজন। সেখানে তৈরি হয়েছে ডিম আকৃতির মঞ্চ। মঞ্চে দাঁড়িয়ে ডিজে পরিবেশন করেন বিদেশি শিল্পীরা। এ সময় মঞ্চের সামনে দাঁড়িয়ে আনন্দ–উল্লাস করেন বিদেশি পর্যটকেরাও। সূর্যাস্ত পর্যন্ত সেখানে ডিজের সঙ্গে চলে নাচের আসর।

সেখানে কথা হয় ভিয়েতনাম থেকে আসা পর্যটক লেম দাউ (২৬) নামের এক তরুণের সঙ্গে। জীবনে প্রথমবার তিনি বাংলাদেশ ভ্রমণে এসেছেন। বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের কথা শুনে তিনি ঢাকা থেকে মারমেইডে ছুটে এসেছেন। লেম দাউ (২৬) প্রথম আলোকে বলেন, বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল বেশ উপভোগ করছেন তিনি। নেচে–গেয়ে বালুচরে দাঁড়িয়ে বঙ্গোপসাগরে সূর্যাস্তের দৃশ্য দারুণ উপভোগ্য।

উৎসবে অংশ নিয়েছেন জাপান, থাইল্যান্ড, নেপাল, ভুটান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ভ্রমণে আসা ৪৫ জনের বেশি পর্যটক। সঙ্গে রয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিপুলসংখ্যাক তরুণ–তরুণী। সৈকতে কথা হয় মিস বাংলাদেশ জেসিয়ার সঙ্গে। তিনি বলেন, মারমেইডের এই ক্যাব ফেস্টিভ্যাল মনে রাখার মতো। মেরিন ড্রাইভের এক পাশে পাহাড়ের সারি, অন্য পাশে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত। এর মধ্যে সাগরতীরে বসে আন্তর্জাতিক মানের একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান উপভোগ করা সৌভাগ্যের ব্যাপার। পর্যটনশিল্পের বিকাশে এ রকম উৎসব আরও হওয়া উচিত।

কক্সবাজারের প্যাঁচারদ্বীপ মারমেইড সৈকতে বার্নিং ক্র্যাব ফেস্টিভালের লাল কাঁকড়া আকৃতির মঞ্চে নৃত্যগান পরিবেশন করেন তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের শিল্পীরা। আজ রাতে

সূর্যাস্তের পর মারমেইডের ৩০০ ফুট লম্বা সুইমিংপুলের পাশের মাঠে তৈরি কাঁকড়াসদৃশ মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক উৎসব। রাত আটটা পর্যন্ত সেখানে তিন পার্বত্য জেলা—বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে আসা ম্রো, মারমা, ত্রিপুরা, চাকমা, পাংখোয়া তরুণীরা ছাতানৃত্য, বোতলনৃত্য, জুমনৃত্য, বাঁশনৃত্য পরিবেশন করেন। কক্সবাজারের রাখাইন তরুণীরা পরিবেশন করেন থালানৃত্য।

বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীদের এখানে নিয়ে আসেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃতাত্ত্বিক সেলের প্রধান ও উপপরিচালক এস এম শামীম। উৎসব প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি প্রথম আলোকে বলেন, পর্যটনের বিকাশে এ উৎসব বড় ভূমিকা রাখবে।

সপরিবার উৎসব উপভোগ করেন কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। তিনি বলেন, কক্সবাজারের পর্যটন বিকাশে মারমেইড বড় ভূমিকা রাখছে। বিদেশি পর্যটক টানতে মারমেইডের মতো অন্যান্য প্রতিষ্ঠানেরও এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন করা উচিত।

মারমেইড সৈকতের উত্তর পাশে তৈরি করা হয় ‘মিস্টিক বাউল’ মঞ্চ। সেখানে বাউলশিল্পীরা গান পরিবেশন করেন। রিসোর্টের দক্ষিণ পাশে ক্র্যাব ড্রিমার, কসমিক টার্টল ও বিগ ব্যাঙ নামে আরও তিনটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। যেখানে রাত দুইটা পর্যন্ত নাচগানসহ ডিজে পার্টি চলবে। চলছে রকমারি খাবারের আয়োজন। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদর্শিত হবে এশিয়ার মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসানের সেরা পুরস্কারজয়ী ‘বলী, দ্য রেসলার’।

বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের আয়োজক মারমেইড ইকোট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, আজকের উৎসবে ১১টি দেশের অন্তত ১১০ জন বিদেশি পর্যটকসহ অন্তত ৪০০ জন অংশ নিয়েছেন। সমুদ্রতীরে নিরিবিলি পরিবেশে আনন্দ–উল্লাস করতে পেরে সবাই খুশি। কক্সবাজারের পর্যটনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই আয়োজন। ৩১ জানুয়ারি পর্যন্ত তিন দিনের এই উৎসব চলবে। যুক্তরাষ্ট্রের ব্ল্যাক রক সিটির বার্নিং ম্যান প্রজেক্টের আদলে মারমেইড বিচ রিসোর্টের এই আয়োজন সাজানো হয়েছে।

সৈকতে ডিজে পরিবেশন করছেন শিল্পীরা

আনিসুল হক চৌধুরী আরও বলেন, নাচগানের পাশাপাশি ফায়ার শোসহ নানা অ্যাকটিভিটি দর্শকদের মাতিয়ে তুলছে। রোমাঞ্চকর নতুন অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবেন অংশগ্রহণকারীরা। শিল্পকর্ম, স্থাপনা এবং সাংস্কৃতিক প্রদর্শনীর মধ্য দিয়েও নতুন এক অভিজ্ঞতা উপভোগ করছেন সবাই। উৎসবের কিউরেটর হিসেবে যুক্ত রয়েছেন খ্যাতিমান জাপানি ফেস্টিভ্যাল আর্কিটেক্ট এবং লাইটিং ডিজাইনার জিরো এন্দো।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, বিশ্বের সবচেয়ে বড় শিল্প ও সংস্কৃতি উৎসবগুলোর মধ্যে অন্যতম ‘বার্নিং ম্যান’ উৎসব যুক্তরাষ্ট্রের নেভাদার ব্ল্যাক রক সিটির মরুভূমিতে প্রতিবছর অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী, উদ্যোক্তা ও দর্শকেরা একত্র হন। সৃজনশীলতা, মুক্ত পরিবেশ এবং স্বাধীনতা—এগুলোই হচ্ছে উৎসবের মূলমন্ত্র। বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল সেই একই প্রেরণায় আয়োজিত হচ্ছে।