কালীগঞ্জে জমিজমার বিরোধে বল্লমের আঘাতে তরুণ নিহত, আটক ১

লাশ
প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ওমর ফারুক (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার নোহালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক নোহালি গ্রামের আবু বক্করের ছেলে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্রামের আবু সাঈদ ও আবদুল বারির লোকজনের মধ্যে তিস্তা চর এলাকার জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। সংঘর্ষের সময় আবু সাঈদের ভাতিজা ওমর ফারুক প্রতিপক্ষের ছোড়া বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওমর ফারুকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত ওমরের বাবা আবু বক্কর প্রথম আলোকে বলেন, ওমর ফারুক তাঁর দাদার সঙ্গে ওখানে গিয়েছিল। সে মারামারি করতে যায়নি। প্রতিপক্ষের বল্লমের আঘাতে তাঁর মৃত্যু হয়। তিনি ছেলে হত্যার বিচার চান।

ঘটনার পর থেকে আবদুল বারির লোকজন এলাকাছাড়া। এ বিষয়ে আবদুল বারির সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে কল করেও বন্ধ পাওয়া যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল বলেন, নিহত ওমর ফারুকের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে নোহালি গ্রামের মিলন মিয়াকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।