অনেক সরকারি প্রতিষ্ঠানও পাহাড় কেটেছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ
ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রামে আগে পাহাড়ের চূড়ায় ছোট ছোট বাংলো দেখা যেত। এখন আর দেখা যায় না। অনেক পাহাড় কেটে ধ্বংস করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, অনেক সরকারি প্রতিষ্ঠান পাহাড় কেটেছে।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কসংলগ্ন ‘ডিসি ফ্লাওয়ার পার্কে’ ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে যে রাস্তা দিয়ে এসেছিলাম, বায়েজিদ লিংক রোড, সেখানে এভাবে পাহাড় কেটে রাস্তা করার দরকার ছিল না। পাহাড় ড্রেসিং করে রাস্তা করা যেত। অথচ পাহাড়কে একেবারে কেটে সমান করা হয়েছে।’

সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট–বন্দর সংযোগ সড়কের পাশে শুকতারা নামে একটি রেস্তোরাঁসহ ১৯৪ একর জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে একটি পার্ক গঠন করেছে জেলা প্রশাসন। এর নাম দেওয়া হয়েছে ‘ডিসি ফ্লাওয়ার পার্ক’। ওই জায়গায় আজ থেকে ৯ দিনব্যাপী ফুল উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন।

ফৌজদারহাট–বায়েজিদ সংযোগ সড়ক নির্মাণে পাহাড় কাটার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) দায়ী করে তথ্যমন্ত্রী বলেন, ‘পাহাড়গুলোকে ধ্বংস করা হয়েছে। সে ধ্বংসযজ্ঞে ভূমিদস্যু বা মাটিদস্যুরাও যুক্ত হয়েছে। তখন আমি পরিবেশ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান। মন্ত্রণালয়কে বলে সেখানে পাহাড় কাটা বন্ধ করতে পেরেছি কি না জানি না। তবে দৃশ্যত বন্ধ হয়েছে। সিডিএকে ১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সিডিএর যাঁরা এখানে পাহাড় কেটে রাস্তার পরিকল্পনা করেছে, তাঁরা তো পাস করা ইঞ্জিনিয়ার। তাঁরা তো দেশে–বিদেশে ট্রেনি করেছে। কিন্তু তাঁরা এ কাজটি কেন করল, এ জবাব তাঁদের অবশ্যই দিতে হবে।’

হাছান মাহমুদ আরও বলেন, নগরটাকে কীভাবে নান্দনিক রাখতে হবে, যাঁরা নগরের পরিকল্পনা করে তাঁদের মাথায় যদি না থাকে, তাহলে নগর নান্দনিক রাখা যাবে না। তবে এখন পর্যন্ত এ এলাকা ভালো আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে নিয়ে অনেক পরিকল্পনা করেছেন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু টানেল কাজ প্রায় শেষ। এখন উদ্বোধনের অপেক্ষায় আছে। দক্ষিণ এশিয়ায় নদীর গভীর তলদেশ দিয়ে এটাই প্রথম সড়ক টানেল। এত দীর্ঘ টানেল উপমহাদেশে আর কোথাও নেই। চট্টগ্রামে মেট্রোরেল করারও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে ফিজিবিলিটি স্ট্যাডির কাজ শুরু হয়েছে। চট্টগ্রামের অনেক উন্নয়ন হয়েছে। আরও উন্নয়ন পরিকল্পনা রয়েছে।

ডিসি পার্কে প্রতিবছর ফুল উৎসব করার প্রস্তাব দিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আমি আশা করব, প্রতিবছর পুষ্প মেলা হবে। অক্টোবরে ফুলগাছ লাগানো হলে নভেম্বরের শেষের দিকে ফুল ফুটে যায়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসব্যাপী মেলার আয়োজন করা যায়। তাহলে জায়গাটি নান্দনিক থাকবে। তবে মেলায় সামান্য হলেও প্রবেশ ফি রাখতে হবে। না হয় ফুলের মর্যাদা মানুষ বুঝবে না।’

ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক চার লেন হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সেটির একটি পরিকল্পনা করেছে সিডিএ। এছাড়া এ মেরিন ড্রাইভের সঙ্গে বঙ্গবন্ধু শিল্পনগরীর সংযোগ ঘটাতে যাচ্ছি। তবে সেটি করার সময় পরিবেশবিদ, নগরবিদকে নিয়ে বসা প্রয়োজন। এ সড়ক করতে গিয়ে নান্দনিকতা নষ্ট করা যাবে না। পাহাড় কেটে যেভাবে রাস্তা ও আবাসন তৈরি করা হয়েছে, এগুলোর বিরুদ্ধে নাগররিক সচেতনতা বৃদ্ধি করে প্রতিরোধ করা প্রয়োজন।’

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিকেল চারটায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর থেকে দলে দলে দর্শনার্থীরা আসতে শুরু করে। বিকেলে উৎসব এলাকা লোকারণ্যে পরিণত হয়।