
চট্টগ্রামের সাতকানিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। আজ শুক্রবার রাত পৌনে আটটার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাফর আহমদ ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের সবাই অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আনুমানিক ২৭ বছর বয়সী এক তরুণ নিহত হন। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। আহত অন্য পাঁচজনকে উপজেলার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করেন। এ সময় রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতকানিয়া থানা-পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে গেলে উত্তেজিত লোকজন গাড়িটি ভাঙচুর করেন। এতে এক পুলিশ সদস্য আহত হন।
পরে রাত সাড়ে নয়টার দিকে সাতকানিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার প্রথম আলোকে বলেন, বাসটিতে কী কারণে আগুন লেগেছে, তা জানা যায়নি। সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।