
চাঁদাবাজির মামলা তুলে না নেওয়ায় নোয়াখালীর চাটখিলে বাদীকে হত্যাচেষ্টার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর নাম মেহেরাজ হোসেন (২৫)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার দুপুরে তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মেহেরাজ হোসেন বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের পর তাঁকে সুধারাম থানায় নিয়ে আসা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেহেরাজ হোসেন ও তাঁর প্রধান সহযোগী খালেদ হোসেনের বিরুদ্ধে গত বছর চাঁদাবাজি ও হামলার দুটি মামলা করেন নুর হোসেন।
এর পর থেকে মামলা তুলে নিতে আসামিরা তাঁকে হুমকি দিয়ে আসছেন। ৪ ডিসেম্বর বিকেলে তিনি সবজিখেত থেকে বাড়িতে ফেরার পথে এলাকার মসজিদের পাশে অতর্কিতে তাঁর ওপর হামলা চালান মেহেরাজ, খালেদসহ তিনজন।
নুর হোসেন অভিযোগ করেন, হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালান। এ সময় তাঁর বাঁ কানের একাংশ কেটে যায়। তিনি মারাত্মকভাবে আহত হন। এ ঘটনায় চাটখিল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে তিনি বাধ্য হয়ে আদালতে মামলা করেন। মামলার পর ২১ ডিসেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, কুপিয়ে আহত করার ঘটনায় হওয়া একটি মামলায় মেহেরাজ হোসেন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।