সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধের ঘটনায় প্রশাসনের মামলা, আসামি ১৯৫

সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর গ্রামের বাসিন্দারা বিদ্যুৎ–সংযোগের দাবিতে মহাসড়ক অবরোধ করলে ২০ কিলোমিটার সড়কজুড়ে যানজট তৈরি হয়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কের মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধ করার ঘটনায় মামলা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার মামলাটি করেন উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. শামছুল আরফিন।

মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ মোট ১৯৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রশাসনিক কর্মকর্তাদের ওপর হামলা, জনদুর্ভোগ সৃষ্টি ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

এর আগে গত বুধবার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দুই উপপরিদর্শক বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখসহ মোট ৮৮৫ জনকে আসামি করে ছয়টি মামলা করেছিলেন। প্রশাসনের গতকালের মামলাটি করার পর এ অবরোধের ঘটনায় সাতটি মামলা করা হলো।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক প্রথম আলোকে বলেন, আসামিরা পলাতক। তাঁদের অবস্থানের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হবে।

গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর গ্রামে পাহাড় কেটে গড়ে ওঠা অবৈধ বসতিতে বিদ্যুৎ-সংযোগের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দুপুর থেকে মহাসড়ক অবরোধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। মহাসড়কের বাড়বকুণ্ড থেকে চট্টগ্রাম নগরের দিকে ৪০ কিলোমিটার ও বন্দর সড়কে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।