ছেলের জন্মের আনন্দ মিলিয়ে গেল মেয়ের মৃত্যুতে

লাশ
প্রতীকী ছবি

তিন দিন আগে ছেলেসন্তানের জন্মের আনন্দ ঘিরে ছিল পরিবারটিকে। কিন্তু পানিতে ডুবে মেয়েসন্তানের মৃত্যুতে সেই আনন্দ বিষাদে পরিণত হয়েছে। গতকাল মঙ্গলবার শেরপুরের নকলা পৌরসভার জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জনপ্রতিনিধি ও পরিবার সূত্রে জানা গেছে, নকলা পৌরসভার জালালপুর এলাকার ট্রলিচালক আইয়ুব আলীর স্ত্রী তাছলিমা বেগম তিন দিন আগে শেরপুর জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দেন। এই খবরে পরিবারের সবাই খুশি ছিলেন। মা হাসপাতালে ভর্তি থাকায় দুই বছরের মেয়ে আফসিয়া চাচি সেলিনা বেগম ও নানি রহিমা বেগমের কাছে ছিল।

গতকাল সকালে আফসিয়া বাড়িসংলগ্ন একটি ডোবায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে ডোবায় ভাসতে দেখে। তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সময় আফসিয়ার বাবা আইয়ুব আলী স্ত্রী ও নবজাতক ছেলের সঙ্গে শেরপুর শহরের হাসপাতালে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি বাড়িতে আসেন। মা তাছলিমা হাসপাতালে ভর্তি থাকায় মেয়ের লাশ দেখতে পাননি।

নকলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ আহমেদ লালন পানিতে ডুবে শিশু আফসিয়ার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আফসিয়ার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শিশু আফসিয়ার চাচাত ভাই আবু সাইদ বলেন, গতকাল রাতে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আফসিয়ার নামাজে জানাজা হয়। পরে জালালপুর গোরস্তানে তাকে দাফন করা হয়।