কলমাকান্দায় ট্রলারডুবির ৯ ঘণ্টা পর মিলল নিখোঁজ চালকের লাশ

আজ সকাল ৯টার দিকে উব্দাখালী নদীর কলমাকান্দা সেতুসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উব্দাখালী নদীতে কয়লাবোঝাই একটি ট্রলারডুবির ৯ ঘণ্টা পর নিখোঁজ ট্রলারচালকের লাশ পাওয়া গেছে। আজ বুধবার সকাল ৯টার দিকে উব্দাখালী নদীর কলমাকান্দা সেতুসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

লাশ উদ্ধার হওয়া চালকের নাম দেলোয়ার হোসেন (২৫)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মিয়া হোসেনের ছেলে।
কলমাকান্দা ফায়ার সার্ভিসের লিডার এমদাদুল হক বলেন, নিখোঁজের প্রায় ৯ ঘণ্টা পর দেলোয়ার হোসেনের লাশটি উদ্ধার করা হয়েছে।

দেলোয়ার হোসেনের সঙ্গে ট্রলারে থাকা তাঁর ভাই আয়নাল হক বলেন, গত সোমবার সন্ধ্যায় তাহিরপুরের বড়ছড়া এলাকা থেকে থেকে প্রায় ২০ মেট্রিক টন কয়লাবোঝাই করে নদীপথে কলমাকান্দার উদ্দেশে ট্রলারটি ছেড়ে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় কলমাকান্দার উব্দাখালী নদীর সেতুসংলগ্ন নৌঘাটে পৌঁছায় ট্রলারটি। শ্রমিক না থাকায় ঘাটে কয়লা তোলা সম্ভব হয়নি। তাঁরা হোটেলে খাবার খেয়ে রাতে ট্রলারেই ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় শরীর ভেজা অনুভব করায় জেগে উঠে দেখেন, ট্রলারটি ডুবে যাচ্ছে। এ সময় ট্রলারে থাকা তিনিসহ অন্য পাঁচজন তীরে উঠতে পারলেও ট্রলারচালক দেলোয়ার হোসেন নিখোঁজ হন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দেলোয়ারের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।