
১১-দলীয় জোট ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি চিরতরে বন্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবদুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নির্বাচন নয় উল্লেখ করে তিনি বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর মতো এবারের নির্বাচন নয়। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়। এবার নির্বাচনের গুণগত পার্থক্য রয়েছে।
বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। এই ৫৪ বছরে অনেক সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু পদ্ধতিগত কোনো পরিবর্তন হয়নি। যে সরকারই আসছে, তারা দুর্নীতি করেছে। সরকারের নামে নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি।
কারও নাম উল্লেখ না করে জামায়াতের এই প্রার্থী বলেন, কোনো কোনো সরকারের সময় বাংলাদেশ বিশ্বে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি বন্ধের সুযোগ রয়েছে। ১১-দলীয় জোট ক্ষমতায় গেলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে।
আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমাদের ১১–দলীয় জোটে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনকারীসহ ইসলামি সমমনা দলগুলো রয়েছে। সারা দেশে ১১–দলীয় জোটের গণজোয়ার তৈরি হয়েছে। আমরা আশা করি, এবার মানুষ ভালো মানুষদের ভোট দেবে। ১১-দলীয় জোট ক্ষমতা গ্রহণ করলে চিরদিনের জন্য স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হবে। নতুন করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করব। দেশের মানুষ দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে এবারের নির্বাচনে ১১-দলীয় জোটকে বেছে নেবে।’
চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের সভাপতিত্বে ও জামায়াত নেতা শেখ আহম্মেদের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা আবুল কালাম আজাদ (বাশার), সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, মোস্তফা নুরুজ্জামান (খোকন), এমদাদুল হক শাহী, উপজেলা জামায়াত সেক্রেটারি মো. বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম।