
সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে হিমেল হাওয়ার বেগ। রাতে ঘন কুয়াশার সাদা চাদরে চারদিক ঢেকে যায়। অনেক বেলা পর্যন্ত কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলতে হয় যানবাহনগুলোকে। দুপুরের পরও সূর্যের দেখা মেলে না।
এভাবে দিনাজপুরে কয়েক দিন ধরে শীতের তীব্রতায় জবুথবু জনজীবন। কনকনে শীতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগের শেষ নেই। বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ।
শহরের কলেজ মোড় এলাকার মাহাতাব উদ্দিন (৫৫) বলেন, ‘কয়েক দিন থাকি ঠান্ডায় কাবু হই গেলাম। রাইতত টিনের চালা থাকি টপটপ করি শীত পড়োছে। ঘরত বাতাস ঢুকোছে। বয়স হয়েছে কামকাজ তেমন করির পারি না। মাঝেমধ্যে দিন হাজিরায় কাজ করি। খাবার জোগাড় করমো, না ঠান্ডার কাপড় কিনমো—ভাইবে পাইনে।’
দিনাজপুরের বিরল উপজেলার পুরিয়া গ্রামের কৃষক মতিউর রহমানের আলুখেতে কাজ করছেন ৪০ জনের বেশি শ্রমিক। মতিউর রহমান প্রথম আলোকে বলেন, অন্য সময় শ্রমিকেরা সকাল সাড়ে সাতটায় কাজে আসতেন। শীতের কারণে কাজে আসছেন ৯টায়। আবার চারটার মধ্যে কাজ শেষ করছেন। আগে পাঁচটা পর্যন্ত কাজ করতেন তাঁরা।
আগামী কয়েক দিনের মধ্যে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, আজ রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
আজ সকাল ৯টার দিকে শহরের কাঞ্চন ঘাট ও বালুয়াডাঙ্গা ঘুরে দেখা যায়, শীতের কাপড় জড়িয়ে সাইকেলে চেপে গ্রাম থেকে কাজের সন্ধানে শহরে আসছেন শ্রমজীবী মানুষ। হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলছে বিভিন্ন যানবাহন।
ষষ্ঠীতলা মোড়ে শ্রমের হাটে কথা হয় মানিক হোসেন ও শাহজাহানের সঙ্গে। রাজমিস্ত্রির জোগালির কাজ করেন তাঁরা। বিরল উপজেলার পলাশবাড়ি এলাকা থেকে এসেছেন দুজনই। মানিক হোসেন বলেন, সকাল সাড়ে ছয়টায় শ্রমেরহাটে এসেছেন। বেলা ১১টা পর্যন্ত কাজ পাননি। শীত বাড়ায় বেড়েছে কষ্ট। অনেকে কাজ না পেয়ে আগেভাগে বাড়িতে ফিরে গেছেন।
সকাল ১০টা পর্যন্ত শহরে ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইকের চলাচল চোখে পড়েনি। কালীতলা এলাকায় ইজিবাইকচালক বিমল কুমার বলেন, ‘অটো না চালাইলে খাবো কী করিয়া। সকালে রাস্তাঘাটে লোকজন খুব কম। সাড়ে ১১টা বাজি গেইল, ভাড়া পাইনু ৩৫ টাকা। ঠান্ডায় কাবু হই গেনু। ঠান্ডাখান বেশি লাগোছে হাতোত আর কান গিলাত।’
দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর ভিড় বেড়েছে। আজ দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলায় শিশু ওয়ার্ডে ২৪ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ৪৪ জন।
ওয়ার্ডের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স শামীমা সুলতানা বলেন, সাধারণত ২৫-৩০ জন রোগী ভর্তি থাকে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে প্রতিদিন ৪৫-৫০ জন রোগী ভর্তি থাকছে। গত শুক্রবার শিশু ওয়ার্ডে ৬১ জন রোগী ভর্তি ছিল। এসব শিশু জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে।
শিশু ওয়ার্ডে যমজ সন্তান ভর্তি করেছেন রিমু রানী (২২)। বোচাগঞ্জ উপজেলার হরিপুর থেকে এসেছেন তিনি। শিমু দুটির বয়স দুই মাস। নিজেরও ঠান্ডা লেগেছে জানিয়ে রিমু রানী বলেন, এক সপ্তাহ ধরে দুই সন্তানের জ্বর, সর্দি। স্থানীয়ভাবে ডাক্তার দেখিয়ে কাশির ওষুধ খাইয়েছেন, কিন্তু কমছে না। তিন দিন হয় হাসপাতালে ভর্তি করেছেন। আজকে কিছুটা কমেছে।
হাসপাতালের নিচতলায় ডায়রিয়া ওয়ার্ডে ১০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ২১ জন। দুই দিন আগে ৪৩ জন রোগী ভর্তি ছিল। সিনিয়র স্টাফ নার্স রিনা পারভীন বলেন, ১ থেকে ৫ বছর বয়সী শিশুরাই বেশি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। পাতলা পায়খানার সঙ্গে বমি হচ্ছে তাদের।
শীতে বাচ্চাদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুবিশেষজ্ঞ ফাতেমা ফারজানা। তিনি প্রথম আলোকে বলেন, সাধারণত শীতের সময়টাতে শিশুদের ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা দেয়। এতে বিচলিত হওয়ার কিছু নেই। এই সময়টাতে শিশুকে পুষ্টিকর খাবার খাওয়ানো অব্যাহত রাখতে হবে। শিশুদের খুব বেশি সময় ঘরের বাইরে রাখা যাবে না। আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে। এগুলো সংক্রামক ব্যধি। তাই মায়েদেরও ঠান্ডা লাগান যাবে না। গোসল ও হাত–পা ধোয়ার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করতে হবে।