নাটোর শহরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে শহরের ভবানীগঞ্জ মোড়ে
নাটোর শহরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে শহরের ভবানীগঞ্জ মোড়ে

নাটোরে ভোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দিনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুর

নাটোর শহরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে শহরের ভবানীগঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে শহরে মিছিল করেন যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা। মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পর নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, আজ ভোর পৌনে চারটার দিকে স্থানীয় বাসিন্দারা ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্তম্ভের গোড়ায় আগুন দেখতে পায়। এ সময় ধোঁয়ায় স্তম্ভটি আচ্ছন্ন ছিল।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তবে স্থানীয় লোকজন আগেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্মৃতিস্তম্ভের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর প্রতিবাদে আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে যুবদল ও ছাত্রদল। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস চলাচ্ছেন। তাঁদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলামের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর শহরের হরিশপুর এলাকায়

এর আগে গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে নাটোর-বগুড়া মহাসড়কের বারুইহাটি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নাটোর জেলা সভাপতি রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি মশাল মিছিল হয়। পরে আজ দুপুর পৌনে ১২টার দিকে শহরের হরিশপুরে রিয়াজুলের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী–সমর্থকেরা এই ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে।

তবে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, আগুনসন্ত্রাসীদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে সাধারণ মানুষ এ ঘটনা ঘটাতে পারে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে কারও বাড়িঘর ভাঙচুরের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।