
বান্দরবানে পর্যটনশিল্পের মন্দায় কয়েক হাজার কর্মী কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। করোনা মহামারির পর থেকে নানা কারণে পর্যটকেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের বান্দরবান ভ্রমণে আগ্রহী হচ্ছেন না। এ জন্য পর্যটকদের ভ্রমণে আগ্রহী করতে পর্যটননির্ভর তিনটি সংগঠন সর্বোচ্চ ৩০ শতাংশ মূল্যছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের সাময়িক নিষেধাজ্ঞার আওতায় থাকা রুমা ও রোয়াংছড়ি উপজেলা ছাড়া জেলার সব জায়গায় পর্যটকদের ভ্রমণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
আজ মঙ্গলবার হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতি, মাইক্রোবাস-জিপ-পিকআপ মালিক ও রেস্টুরেন্ট মালিক সমিতির নেতাদের যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আজ বেলা ১১টার দিকে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিবছর এই মৌসুমে জেলায় দেশি-বিদেশি পর্যটকের ভিড় থাকে। কিন্তু কোভিড-১৯-এর পর থেকে পর্যটক কমেছে। এ বছর নানা কারণে পর্যটকসংখ্যা আরও কমে গেছে। পর্যটকদের সেবাদানের জন্য সব হোটেল-মোটেল-রিসোর্ট, যানবাহন ও রেস্তোরাঁ কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়ে আছে। কিন্তু আশানুরূপ পর্যটক আসছেন না। এ জন্য ২০ ডিসেম্বরের মধ্যে যেকোনো দেশি-বিদেশি পর্যটক বান্দরবান ভ্রমণে এলে আবাসনে ৩০ শতাংশ, যানবাহনে ২০ শতাংশ ও রেস্তোরাঁয় ১০ শতাংশ মূল্যছাড় দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাইক্রোবাস-জিপ-পিকআপ মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি গিয়াছ উদ্দিন ও তিন সংগঠনের নেতারা।
নাছিরুল আলম বলেন, জেলায় পর্যটকদের সেবা দেওয়ার জন্য ৮০টি হোটেল, মোটেল, অবকাশযাপনকেন্দ্র এবং ৪ শতাধিক মাইক্রোবাস, জিপ ও পিকআপ বা চাঁদের গাড়ি রয়েছে।
রেস্তোরাঁর কর্মচারীসহ এই খাতে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হয়ে থাকে। এর মধ্যে সরাসরি সম্পৃক্ত আবাসিক হোটেলগুলোতে প্রায় ২ হাজার ৫০০, যানবাহনে ১ হাজার ২০০, রেস্তোরাঁয় ১ হাজার ৫০০ মানুষ চাকরি হারিয়েছেন। এ ছাড়া কমিউনিটি পর্যটনের সঙ্গে সম্পৃক্ত কয়েক শ পরিবারের আয় কমেছে। জেলায় পর্যটন মৌসুমে প্রতিদিন প্রায় পাঁচ হাজার পর্যটক ভ্রমণে আসেন। একজন পর্যটক থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্থানীয় জনগোষ্ঠীর ১১ জন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হতে পারেন। সেই হিসাবে ৫৫ হাজার মানুষের পর্যটন খাত থেকে আয় কমে গেছে।
রুমা ও রোয়াংছড়ি উপজেলায় টানা দুই মাস ধরে পর্যটক ভ্রমণে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা চলছে। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তিন সমিতির নেতারা বলেন, ওই দুই উপজেলা ছাড়া জেলার অন্য পাঁচটি উপজেলার কোথাও ভ্রমণে বাধা নেই। সব জায়গায় পর্যটকেরা নিরাপদে ভ্রমণ করতে পারেন। এ ছাড়া রুমা ও রোয়াংছড়িতেও শিগগিরই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে জেলা প্রশাসন থেকে তাঁরা আশ্বাস পেয়েছেন।