পাকা সড়ক আছে ১৩৫ কিলোমিটার। এসব সড়কের বেশির ভাগই এখন ভাঙাচোরা ও খানাখন্দে ভরা।

ঠাকুরগাঁও পৌরসভায় পাকা সড়ক আছে ১৩৫ কিলোমিটার। এর মধ্যে ৬৫ কিলোমিটার পিচঢালাই সড়ক। এসব সড়কের বেশির ভাগই এখন ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। এতে চরম ভোগান্তিতে পৌরসভার বাসিন্দারা।
পৌরসভার প্রকৌশল শাখা সূত্র জানায়, ৩০ বর্গকিলোমিটার আয়তনের ঠাকুরগাঁও পৌরসভা ১৯৯৭ সালে ক শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। বর্তমানে জনসংখ্যা ১ লাখ ২০ হাজার। এ পৌরসভায় ১৯৫ কিলোমিটার সড়ক আছে। এর মধ্যে ৬৫ কিলোমিটার পিচঢালাই সড়ক। ৪৮ কিলোমিটার আরসিসি, ২২ কিলোমিটার ইট বিছানো ও ৬০ কিলোমিটার কাঁচা সড়ক।
শহরের সত্যপীর সেতু থেকে চৌরাস্তা হয়ে রিভারভিউ উচ্চবিদ্যালয় পর্যন্ত সড়কটি পৌরসভার অন্যতম প্রধান সড়ক। সড়কটির দৈর্ঘ্য ২ হাজার ২০০ মিটার। সড়কটির দুই পাশে বিভিন্ন দোকান রয়েছে। সড়কটির বিভিন্ন অংশ খানাখন্দে ভরা। এসব খানাখন্দ এড়িয়ে চলাচল করতে গিয়ে যানবাহনচালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সম্প্রতি পাথর ও বিটুমিন দিয়ে পৌর কর্তৃপক্ষ কোনো রকমে এ সড়কের গর্তগুলো ভরাট করলেও বৃষ্টিতে সেগুলো উঠে গেছে।
দুই কিলোমিটারের দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নিশ্চিন্তপুর সড়কটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি। সড়কটির পিচ ও ইট-খোয়া উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব সড়কে নিত্যদিন চলাচলকারী ব্যক্তিদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।
রিভারভিউ উচ্চবিদ্যালয় থেকে সেনুয়া বাজার হয়ে পূর্ব গোয়ালপাড়া পর্যন্ত ১ হাজার ৬০০ মিটারের সড়কের প্রায় পুরো অংশের পিচ ও ইট-খোয়া উঠে খানাখন্দে ভরে গেছে। দুই পাশ ভেঙে সংকুচিত হয়ে গেছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
সরেজমিনে দেখা গেছে, হাজিপাড়ার সার্কিট হাউসের পেছন থেকে বড় মাঠ হয়ে মুন্সিপাড়া, হাজিপাড়ার শিমুলতলী থেকে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, পূর্ব গোয়ালপাড়া থেকে টিকিয়াপাড়া, পূর্ব গোয়ালপাড়ার বিদ্যুৎ স্টেশন থেকে টিকিয়াপাড়া, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের সোনালী শৈশব বিদ্যালয় থেকে বাহাদুরপাড়া সড়ক, সরকারপাড়ার হ্যাডসের মোড় থেকে গোয়ালপাড়ার সড়ক, হাজিপাড়ার বৈশাখী মোড় থেকে স্টেডিয়াম সড়কের অবস্থা খুবই খারাপ।
এ ছাড়া জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়ক, নরেশ চৌহান সড়কের হলপাড়ার সংযোগ দুটি সড়ক, শান্তিনগরের সড়ক, ঘোষপাড়া-সরকারপাড়ার সড়ক, হাজিপাড়ার বড়মাঠ থেকে শিমুলতলার সড়ক, আশ্রমপাড়ার বঙ্গবন্ধু সড়কের সংযোগ সড়ক থেকে শিশুপার্ক সড়কের অবস্থাও খুব খারাপ। এসব সড়কের কোথাও কোথাও পিচ উঠে গর্ত হয়ে গেছে। আবার কোথাও কোথাও সামান্য বৃষ্টিতে নর্দমার পানি রাস্তায় চলে আসে।
শহরের কালীবাজার থেকে সদাই করে একটি রিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন ঘোষপাড়ার বাসিন্দা শাহদাত হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন পৌরসভার প্রায় প্রতিটি সড়কই ভাঙাচোরা।
গত পৌর নির্বাচনের সময় ক্ষমতাসীনেরা ভোট চাইতে গিয়ে শহরের রাস্তাঘাট সোনায় মুড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু বাস্তবে তার উল্টো হয়েছে। নির্বাচনের আড়াই বছর পেরিয়ে গেলেও শহরের সড়ক সংস্কার হয়নি; বরং যেগুলো ভালো ছিল, তা-ও নষ্ট হয়ে গেছে। অধিকাংশ সড়কের অবস্থা এমন হয়েছে, যেখানে রিকশাও চলতে চায় না।
পথচারী শাহিন আহমেদ বলেন, ঠাকুরগাঁও পৌর শহরে দালানকোঠা বাড়ছে, বিপণিবিতান হচ্ছে। শহরের চেহারা পাল্টে যাচ্ছে। কিন্তু প্রায় সব সড়কই বেহাল। শহরের পয়োনিষ্কাশনব্যবস্থা আরও শোচনীয়।
সম্প্রতি নগর সমন্বয় কমিটির সভায় সড়কের বেহালের কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক আলী। পৌরসভার সড়ক এমন বেহাল দেখে সড়ক সংস্কারে নামে একতাবন্ধন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সদস্যরা শ্রমিকদের নিয়ে সড়কে ধুলাবালু পরিষ্কার করে বিটুমিন মিশ্রিত পাথর দিয়ে গর্তগুলো ভরাট করে দেন।
এই কাজে নেতৃত্ব দেন আমানতুল্লাহ ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবদুস ছালাম। সম্প্রতি পৌর কর্তৃপক্ষ তাঁদের নোটিশ পাঠিয়ে পৌর কার্যালয়ে ডেকে নেয় এবং সড়ক সংস্কারের কাজ বন্ধ করতে নির্দেশ দেয়। অন্যথায় মানহানি মামলার হুমকি দেওয়া হয়। এরপর সড়ক সংস্কারের কাজ বন্ধ করে দেয় সংগঠনটি। তবে এ বিষয়ে আবদুস ছালাম কোনো মন্তব্য করতে রাজি হননি।
পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বলেন, ‘আমাদের সদিচ্ছার অভাব নেই। দ্রুত সময়ের মধ্যে পৌরসভার সড়কগুলো সংস্কারে দরপত্র আহ্বান করা হবে।’