ঝালকাটি আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা
ঝালকাটি আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা

ঝালকাঠিতে দুটি আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

ঝালকাঠিতে শুনানি চলাকালে বিচারক ও আইনজীবীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাকে কেন্দ্র করে আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। আজ রোববার দুপুরে ঝালকাঠি নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে এ ঘটনা ঘটে। পরে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে নোটিশ দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়।

ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা আইনজীবী সূত্রে জানা যায়, আজ দুপুরে ঝালকাঠি নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মো. আবিরুল ইসলামের আদালতে একটি মামলার শুনানি চলছিল। এ সময় বিপক্ষে আদেশ দেওয়ায় জেলা আইনজীবী সমিতির সদস্য তৈয়বুর রহমান তীরন্দাজ উত্তেজিত হয়ে পড়েন। এ নিয়ে বিচারক ও আইনজীবী তৈয়বুর রহমানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে আদালতের সেরেস্তাদার ও অফিস সহায়কেরা আইনজীবী তৈয়বুর রহমানকে ঘিরে ধরেন। পরে আদালতে অপ্রীতিকর অবস্থা এড়াতে বিচারক মো. আবিরুল ইসলাম আদালতের এজলাস থেকে নেমে যান। পরে সমিতির সাধারণ সম্পাদক মাহেব হোসেন এক নোটিশের মাধ্যমে ঝালকাঠি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন দুটি আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বর্জনের ঘোষণা দেন।

এ বিষয়ে আইনজীবী তৈয়বুর রহমান তীরন্দাজ বলেন, ‘একটি মামলায় আজ ধার্য তারিখ না থাকা সত্ত্বেও নথি উপস্থাপন করে আমার প্রতিপক্ষের আইনজীবী তাঁর মক্কেলের পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত বিধিবহির্ভূতভাবে সেই মামলায় আসামিদের অব্যাহতি দেন। অথচ নির্ধারিত তারিখ ছাড়া কোনো মামলায় কাউকে অব্যাহতি দেওয়া যায় না। আমি শুধু আদালতের স্বেচ্ছাচারী আচরণের প্রতিবাদ করেছি। এতে আদালতের বিচারক ও কর্মচারীরা আমার সঙ্গে অশোভন আচরণ করেছেন।’

এ বিষয়ে বক্তব্য জানতে আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিরুল ইসলামের মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী গোলাম রাব্বানী বলেন, আইনজীবী তৈয়বুর রহমান আদালতের বিচারকের দিকে ফাইল ছুড়ে মেরে অশোভন আচরণ করেছেন। এটি আদালত অবমাননার শামিল।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহেব হোসেন বলেন, একজন আইনজীবীর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিরুল ইসলামের অসৌজন্যমূলক আচরণ ও জেলা প্রশাসনের তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের কারণে আইনজীবী সমিতি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন দুটি আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্জন করেছে।