
শিল্পপণ্য পরিবহনে নিয়োজিত পরিবহনশ্রমিকের মধে৵ অনেকে মাদকাসক্ত। মাদক সেবন করে গাড়ি চালানোর ফলে বিভিন্ন সময় দুর্ঘটনায় পতিত হয়ে রপ্তানিপণ্য কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় না বা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন শিল্পোদ্যোক্তারা। পাশাপাশি বহির্বিশ্বে নষ্ট হয় দেশের সুনাম।
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে দীর্ঘদিন ধরে চলে আসা এমন সমস্যার সমাধানের লক্ষ্যে এখন থেকে পণ্য পরিবহনে নিয়োজিত প্রতে৵ক চালককে ডোপ টেস্টের মাধ্যমে মাদক শনাক্ত, কাউন্সেলিং এবং সব শেষে আইনানুগ ব্যবস্থা নেবে গাজীপুর মহানগর পুলিশ।
আজ শনিবার বিসিকের ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার সামনে মহানগর পুলিশ ও বিসিক শিল্পনগরী মালিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। এ সময় দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হয়।
আমরা চাই বিসিকের প্রতিটি কারখানার মালিক ও শ্রমিকেরা নিরাপদে থাকুক। সেই লক্ষ্যে পুলিশ বন্ধুর মতো এগিয়ে এসেছে, এটা আমাদের জন্য আনন্দের, সুখকর।সৈয়দ তানভীর হোসেন, সভাপতি, বিসিক শিল্পনগরী মালিক সমিতি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে রপ্তানিমুখী শিল্পের অবদান অপরিসীম। শিল্পকারখানার মালিকেরা নিজেদের শ্রম-ঘাম দিয়ে পণ্য তৈরি করেন। বিদেশে রপ্তানি করে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখেন। কিন্তু একজন চালকের সামান্য ভুলে বা মাদকাসক্তির কারণে পণ্যগুলো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে না। শিল্পোদ্যোক্তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হন, পাশাপাশি বহির্বিশ্বে নষ্ট হয় বাংলাদেশের সুনাম। তাই শিল্পোদ্যোক্তাদের সুবিধার্থে এসব চালককে মাদকমুক্ত রাখার উদ্যোগ হাতে নিয়েছেন তাঁরা।
পুলিশ কমিশনার বলেন, বিসিকের পরিবহনে নিয়োজিত প্রতে৵ক চালককে প্রথমে ডোপ টেস্টের মাধ্যমে মাদক শনাক্ত করা হবে। এরপর কাউন্সেলিং করে তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। কিন্তু তাতেও কাজ না হলে সব শেষে ওই চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর এ কারণে সার্বিক সহযোগিতার জন্য বিসিক মালিক সমিতির সঙ্গে তাঁদের সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।
ক্ষুদ্র ও কুটিরশিল্প থেকে টঙ্গী বিসিক শিল্পনগরীর যাত্রা ১৯৬৪ সালে। প্রায় ৯০ একর জায়গায় বর্তমানে উৎপাদনরত শিল্পপ্রতিষ্ঠান রয়েছে ১৩৮টি। এর মধে৵ ৫৭টি প্রতিষ্ঠানই বস্ত্র ও বস্ত্রজাত পণ্যের। সব কটি কারখানাই শতভাগ রপ্তানিমুখী।
অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় বিসিক শিল্পনগরী মালিক সমিতির সভাপতি সৈয়দ তানভীর হোসেন বলেন, ‘আমরা চাই বিসিকের প্রতিটি কারখানার মালিক ও শ্রমিকেরা নিরাপদে থাকুক। আমরা স্বাচ্ছন্দ্যে বিদেশে পণ্য রপ্তানি করি। সেই লক্ষ্যে পুলিশ বন্ধুর মতো এগিয়ে এসেছে, এটা আমাদের জন্য আনন্দের, সুখকর।’
অনুষ্ঠানে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিক মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা উপস্থিত ছিলেন।