মোংলা বন্দরের হারবাড়িয়া নৌ চ্যানেল

চালকের ভুলে ডু‌বে যায় সারবোঝাই লাইটার জাহাজটি

ডুবে যাওয়া লাইটার জাহাজ। গত বুধবার বাগেরহাটের মোংলা বন্দরের হারবাড়িয়ায়
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলা বন্দরের হারবাড়িয়া নৌ চ্যানেলে সার নিয়ে লাইটার জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় চালকের গাফিলতি পেয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি। তারা প্রাথমিকভাবে তদন্ত করে এই তথ্য পেয়েছে। এই প্রতিবেদন দু-এক দিনের মধ্যে তারা নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠাবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ আজ বৃহস্পতিবার বলেন, গাফিলতির অভিযোগে দায়ী মাস্টা‌রের (চাল‌কের) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই মুহূর্তে নৌ দুর্ঘটনায় বন্দরের নৌ চ্যানেল নিরাপদ ও ঝুঁকিমুক্ত রয়েছে বলে দাবি করেন তিনি।

মোংলা বন্দর সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৩টার দিকে ৫০০ মেট্রিক টন সার নিয়ে শাহাজালাল এক্স‌প্রেস-২ নামের লাইটার জাহাজ‌টি যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা দি‌য়ে‌ছি‌ল। জাহাজ‌টি হারবাড়িয়া-৮ এলাকায় পৌঁছালে ‘সুপ্রিম ভ্যালর’ নামের এক‌টি বিদেশি জাহাজকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘন কুয়াশায় লাইটার জাহাজটি বিদেশি ওই জাহাজকে ধাক্কা দেয়।

এতে লাইটার‌ জাহাজটির নি‌চের অংশ ক্ষতিগ্রস্ত হলে ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়ে। এ সময় আতঙ্কিত হয়ে ওই জাহাজে থাকা ৯ জন কর্মচারী নদীতে ঝাঁপ‌ দেন। খবর পে‌য়ে কোস্টগার্ড প‌শ্চিম জোনের সদস্যরা ঘটনাস্থলে এসে ওই ৯ জনকে উদ্ধার করেন। জাহাজটিতে বহন করা সার বাংলাদেশ অ্যাগ্রিকালচার করপোরেশনের (বিএডিসি) বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় গতকাল বুধবার সকালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাল সতর্ক বয়া (মার্কিন বয়া) বসিয়ে তদন্ত শুরু করে বন্দর কর্তৃপক্ষের তিন সদস্যের এক‌টি তদন্ত কমিটি। বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন, পাইলট ফারুক আহেম্মেদ এবং মেরিন বিভাগের সহকারী প্রকৌশলী মো. রিয়াদ খান এই তদন্তের দায়িত্বে ছিলেন।

ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, প্রাথমিক তদন্তে লাইটার জাহাজ এমভি শাহজালাল এক্সপ্রেসের মাস্টার (চালক) ওবায়দুর রহমানের গাফিলতি পাওয়া গেছে। ওই সময় ঘন কুয়াশা ছিল, তাই মাস্টা‌রের উচিত ছিল লাইটার জাহাজটি না চালিয়ে কোনো এক জায়গায় অবস্থান করা। কিন্তু তি‌নি সেটি করেননি।

ডুবে যাওয়া লাইটার শাহাজালাল এক্সপ্রেসের মালিকানাধীন প্রতিষ্ঠান ভাই ভাই শিপিং লাইনসের মালিক আজাহার সিদ্দিক বলেন, লাইটার জাহাজটি ডুবে যাওয়ার ঘটনায় মাস্টার ওবায়দুর রহমানের কোনো গাফিলতি ছিল না। তিনি একজন দক্ষ চালক। কোনো বিদেশি জাহাজ থেকে পণ্যবোঝাই হওয়ার পর সেখানে আর এক মুহূর্ত থাকতে দেওয়া হয় না। কাজেই সেখান থেকে অন্যত্র অবস্থান নেওয়ার জন্য ঘন কুয়াশায়ও চালককে লাইটার জাহাজটি চালাতে হয়েছে।

আজাহার সিদ্দিক আরও বলেন, বন্দর কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ১৫ দিনের মধ্যে এই লাইটার জাহাজটি ওঠানো সম্ভব না। অনেক সময় লাগবে। ডুবে যাওয়া লাইটার জাহাজ থেকে প্রাথমিকভাবে শুধু সারই অপসারণ করতে এখনো এক সপ্তাহ সময় লাগবে।

এ বিষয়ে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনের অভ্যন্তরে হারবাড়িয়া নৌ চ্যানেলে সারবাহী লাইটার জাহাজডুবির ফলে জলজ সম্পদের মারাত্মক ক্ষতি হবে এবং ওই জাহাজে থাকা যে জ্বালানি তেল রয়েছে, সেগুলো সুন্দরবনের আশপাশের পরিবেশকে দূষণ করবে। একই সঙ্গে বারবার এসব লাইটার জাহাজ ডুবির ফলে বন্দরের নাব্যতা সংকট বৃদ্ধি পাবে।