
ঢাকায় আগামীকাল শনিবার বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে কেরানীগঞ্জের কদমতলী, হাসনবাদ ও বছিলা এলাকার সড়কগুলোতে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুড়িগঙ্গা সেতুর কাছে গণপরিবহনগুলোতে বেড়েছে পুলিশি তল্লাশি।
আজ শুক্রবার সরেজমিনে দেখা গেছে, তিন দিন ধরে মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ ও দক্ষিণাঞ্চল থেকে আসা বেশির ভাগ গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে তল্লাশি করেছে পুলিশ। কেরানীগঞ্জে চীন মৈত্রী ১ম সেতুর দক্ষিণ প্রান্তে হাসনাবাদ এলাকায় এবং বুড়িগঙ্গার ২য় সেতুর দক্ষিণ প্রান্ত কদমতলী এলাকায় পুলিশ অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে রাজধানীমুখী যাত্রীদের তল্লাশি করছে। কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকা কদমতলী, ইকুরিয়া, আব্দুল্লাহপুর, জিনজিরা জনি টাওয়ার, কোনাখোলা, আটিবাজার ও ঘাটারচর এলাকায় পুলিশের একাধিক দলকে টহল দিতে দেখা যায়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ বলেন, গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে বিএনপির দুই নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে খায়রুল বাশার রাজধানীর মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। তাঁর নামে নাশকতাসহ বিভিন্ন অপরাধের কমপক্ষে ২০টি মামলা রয়েছে।
আজ বিকেলে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, একটি দুষ্কৃতকারী দল ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে রাষ্ট্রকে বিপথগামী করতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। গত দুই দিন আগে রাজধানীর পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল, ইটপাটকেল নিক্ষেপ করেছে তারা। এতে বেশ কয়েক পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিজয়ের মাসে রাষ্ট্রদোহী মহল রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে।
দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন অঞ্চল থেকে দুষ্কৃতকারীরা যাতে ঢাকায় গিয়ে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করতে না পারে, সেই লক্ষ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান অব্যাহত রেখেছে বলে জানান পুলিশ কর্মকর্তা আমিনুল। তিনি বলেন, সাভারের আমিনবাজার, কেরানীগঞ্জের বছিলা, কদমতলী, হাসনাবাদ এলাকা পুলিশের নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য পুলিশ তৎপর রয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ স্থানীয় বিএনপির দুই নেতা-কর্মীকে আটক করেছে। পরে তাঁদের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার দুজন হলেন রাজধানীর মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি খায়রুল বাশার ও মো. আলী।
আগামীকাল ঢাকায় বিএনপির মহাসমাবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগ। এতে নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি গাজী মাসুম বিল্লাহ। মিছিলটি কদমতলী ও আগানগর এলাকা প্রদক্ষিণ করে। এতে ছাত্রলীগের কয়েক শতাধিক নেতা-কর্মী অংশ নেন।