‘দাম বাড়লে বড়লোকের কিছুই হয় না, হামাকেরে প্যাটত লাথি পড়ে’

বগুড়া শহরের সেউজগাড়ি রেলবস্তির ভাড়া ঘরে স্বামী-সন্তান নিয়ে বসবাস করেন রুপালী বেগম
ছবি: প্রথম আলো

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার খবর শুনলেই বুকের ভেতর ধক করে ওঠে রুপালী বেগমের। তাঁর ভাষায়, ‘দাম বাড়লে বড়লোকের কিছুই হয় না। হামাকেরে মতো গরিবের প্যাটত লাথি পড়ে। ভাতের খরচ থ্যাকে গ্যাস-বিদ্যুতের বাড়তি খরচ জোটানো লাগে। সংসার খরচ কুলাবার না পারে একবেলা অনাহারে থাকা লাগে। প্যাট তো অভাব মানে না।’

বগুড়া শহরের বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করে সংসার চালান রুপালী বেগম (৩৬)। স্বামী মাবুদ আলম রিকশাচালক। শহরের রেলস্টেশন-সংলগ্ন সেউজগাড়ি রেলবস্তির ভাড়া ঘরে তাঁদের বসবাস। সঙ্গে থাকেন ১১ বছরের শিশুকন্যা মাফরুজা। কাজের সন্ধানে এক যুগ আগে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পবনাপুর থেকে বগুড়ায় আসার পর জীবনের অনেক উত্থান-পতন দেখেছেন তাঁরা। এর মধ্যে করোনার দুটি বছর যেন লন্ডভন্ড করে দিয়েছে তাঁদের জীবন। দফায় দফায় গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি জীবিকার সংগ্রামকে আরও কঠিন করে তুলেছে।

আজ শনিবার সকালে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় একটি বাসায় কাজ শেষে বস্তিতে ফেরার পথে কথা হয় রুপালী বেগমের সঙ্গে। সেখানেই কথায় কথায় জানা গেল, বগুড়ায় আসার পর স্বামী-স্ত্রীর উপার্জনে সংসার ভালোই চলছিল। প্রতি মাসের উপার্জন থেকে চার-পাঁচ হাজার টাকা সঞ্চয়ও হতো। কিন্তু করোনা শুরুর পর কর্মহীন হয়ে পড়লে মাসের পর মাস সঞ্চয় ভেঙে সংসার চালিয়েছেন। সঞ্চয় ফুরানোর পর ঘরভাড়ার টাকা জোগাতে না পেরে শহর ছেড়ে ফিরে যান গ্রামে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শহরে ফিরলেও সংসার আর আগের অবস্থায় ফেরেনি। দুজনের উপার্জনেও এখন সংসারের খরচ চালানো দায় হয়ে পড়েছে।

রুপালী বলেন, দুই বছর আগেও মানুষের বাসাবাড়িতে কাজ করে মাসে চার হাজার টাকা পেতেন। স্বামী রিকশা চালিয়ে আয় করতেন ৯ হাজার টাকা। এর মধ্য থেকে আট হাজার টাকায় ভালোভাবেই সংসার চলে যেত। বাকিটা সঞ্চয় করতেন। দুই বছরে রোজগার বাড়েনি, বরং কমেছে। আর বেড়েছে খরচ।

রুপালী আরও বলেন, ‘এখন সব জিনিসের দাম মঙ্গা। ৩৫ টেকা কেজির চাল ৬৫ টেকা। ঘরভাড়া ৫০০ বাড়চে। তেল, নুন, সাবান, সবজি—সবকিছুর দাম চড়া। দুজনের কামাই দিয়ে সংসার চলাবার পারিচ্চি না। দুচোখত অন্ধকার দেকিচ্চি।’

রুপালী বেগম সংসারের আয়-ব্যয়ের একটি হিসাব দিয়ে বলেন, করোনার পর শহরে ফিরে মাবুদ গ্যারেজে আর রিকশা পাননি। এখন ভাঙারির দোকানে কাজ করে মাসে গড়ে ছয় হাজার টাকা পান। তিনি চারটি বাড়িতে কাজ করে ছয় হাজার টাকা পান। মাসে আড়াই হাজার টাকা ঘরভাড়া, মেয়ের পড়ালেখার খরচ ৫০০ টাকা। ৩০০ টাকার গ্যাস দিয়ে আগে পুরো মাসের ভাত রান্না করতেন। এখন গ্যাসের খরচ ৬০০ টাকায় গিয়ে ঠেকেছে। ২০০ টাকার বিদ্যুৎ বিল বেড়ে ৫০০ হয়েছে। আগে ১১০ টাকা কেজি দরে বয়লার মুরগি কিনতেন। এ খাতে মাসে ব্যয় হতো ৩৩০ টাকা। এখন ১৭০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে। ছয় টাকার ডিম এখন ১২ টাকা।

রুপালী বেগম আক্ষেপ করে বলেন, ‘সরকার ইচ্ছে হলেই গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায়, বাজারে জিনিসপত্রের দাম বাড়ায়। হামরা গরিব মানুষ। মানুষের বাড়িত কামকাজ করে প্যাট চালাই। হামাকেরে তো কামাই বাড়ে না। সরকার আছে গদি বাঁচাবার ধান্ধায়। হামাকেরে অভাবের কষ্ট দেকপার কেউ নাই।’