
দীর্ঘ ৯ বছর পর কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে মুরাদনগর ডি আর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন ঘিরে ইতিমধ্যে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন সম্মেলনের উদ্বোধন করবেন। প্রধান বক্তা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী উপস্থিত থাকবেন।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের অনুসারীরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সম্মেলনে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন আল-রশীদ, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি হানিফ সরকারের নাম আলোচনায় আছে।
সাধারণ সম্পাদক পদে উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার, উত্তর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজের সাবেক ভিপি (সহসভাপতি) গোলাম সারওয়ার ও জেলা কমিটির সদস্য নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের নাম আলোচনায় আছে। আহসানুল আলম সরকার উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের ছেলে।
সভাপতি পদপ্রার্থী হারুন আল-রশীদ প্রথম আলোকে বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে হামলা-মামলা সহ্য করে দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।’ আরেক সভাপতি প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ১৯৮৪ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ৩১ মে পর্যন্ত দীর্ঘ ২৯ বছর তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এবার তিনি সভাপতি প্রার্থী।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী আহসানুল আলম সরকার বলেন, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সম্মেলনের ফলে আওয়ামী পরিবারে আনন্দ বিরাজ করছে। নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি চান তিনি।
সর্বশেষ ২০১৩ সালের ৩১ মে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন হারুন আল রশীদকে সভাপতি ও মহিউদ্দিন সরকারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি হয়। ইতিমধ্যে মহিউদ্দিনসহ কমিটির কয়েকজন সদস্য মারা গেছেন। অভিযোগ আছে, সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের মধ্যে বিরোধের কারণে এত দিন সম্মেলন হয়নি।