রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের প্রার্থিতা ফিরে পেয়েছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী। আবার প্রত্যাহারের শেষ দিন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী আয়েন উদ্দিন ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মনসুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই তিন আসনের ভোটের সমীকরণ পাল্টে গেল।
এই দুই সংসদ সদস্যসহ শেষ দিনে এসে জাকের পার্টির দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তাঁরা হলেন রাজশাহী-৫ আসনের শফিকুল ইসলাম ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের রিপন আলী। প্রত্যাহারের পর রাজশাহীর ছয়টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা দাঁড়াল ৪০। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল রোববার সন্ধ্যায় রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থীসহ এখন প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ৯। এর মধ্যে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন অভিনেত্রী শারমিন আক্তার ওরফে মাহিয়া মাহি। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
উচ্চ আদালত থেকে গতকাল প্রার্থিতা ফিরে পেয়েছেন রাজশাহীর তানোর উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তাঁর নেতৃত্বে ২০১৮ সালের নির্বাচনে ‘সেভেন স্টার’ নামের সাতজন নেতা সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। এবার তাঁদের মধ্যে থেকে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী মনোনয়ন ফিরে পাওয়ায় এই আসনের নির্বাচনের সমীকরণ পাল্টে গেছে। কারণ, নির্বাচনী এলাকার লোকজন বলছেন, গোলাম রাব্বানী ফিরে আসায় ফারুক চৌধুরীকে এখন প্রতিযোগিতার মুখে পড়তে হবে। গোলাম রাব্বানী না থাকলে এই আসনের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো না।
রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। তিনি শেষ দিনে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সামনে আর শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। এই আসনে এখন মোট সাতজন প্রার্থী থাকল।
এদিকে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মনসুর রহমান এবার আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তবে তিনি শেষ পর্যন্ত নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেলেন। এতে আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদকেও আর শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে না বলে এলাকাবাসীর ধারণা।
রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফজলে হোসেন বাদশাকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে চিঠি দিয়েছে ১৪–দলীয় জোট। তাই প্রতীক বরাদ্দের দিন ফজলে হোসেন বাদশাকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তখন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের প্রার্থিতা বাতিল হবে।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে ২০০৮ সাল থেকে গত তিন মেয়াদে রাজশাহী সদর আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।