
ঝালকাঠির কাঁঠালিয়ায় জামায়াতের স্থানীয় কার্যালয় ও দলটির কয়েকজন কর্মী–সমর্থকের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাটিখালঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে জামায়াতের এক কর্মী বাদী কাঁঠালিয়া থানায় মামলা করেছেন।
মামলায় পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কালামকে প্রধান আসামিসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় পাটিখালঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফুয়াদ জমাদ্দার ও ওয়ার্ড ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামায়াতের কর্মী–সমর্থকদের অভিযোগ, তাঁদের দলের লোকদের চারটি বাড়ি, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং ইউনিয়ন জামায়াতের অফিসে হামলা ও ভাঙচুর করেছে বিএনপির নেতা–কর্মীরা। এ সময় দুই নারী আহত হয়েছেন।
মামলার এজাহার ও উপজেলা জামায়াতে ইসলামী সূত্রে জানা যায়, গতকাল রাতে পাটিখালঘাটা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের একদল নেতা–কর্মী পাটিখালঘাটা গ্রামের জামায়াতের সমর্থক হারুন অর রশিদের বাড়ি ও তাঁর ভাই মরিচবুনিয়া গ্রামের কামাল জমাদ্দারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। হামলাকারী ব্যক্তিরা হারুন অর রশিদের খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দেন। হামলায় কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম (৫৬) ও মেয়ে সাবিনা বেগম (৩০) আহত হন।
মামলার এজাহারে বলা হয়, এ সময় একই ইউনিয়নের জামায়াত সমর্থক মোস্তফা মিয়া, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রিপনের বাড়িতে ভাঙচুর ও হামলা চালানো হয়। পাটিখালঘাটা বাজারের ওষুধ ব্যবসায়ী জামায়াত সমর্থক দুলালের দোকান এবং আবদুর রবের চায়ের দোকানেও হামলা চালান বিএনপির কর্মীরা। পরে পাটিখালঘাটা ইউনিয়ন জামায়াত কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করেন বিএনপির নেতা–কর্মীরা।
এ ঘটনায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ফেসবুকে এক ভিডিও বার্তায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যাঁদের কারণে যেসব কেন্দ্রে ধানের শীষ প্রতীকে কম ভোট পেয়েছেন, তাঁদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। কাঁঠালিয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এমনকি তাঁদের দলীয়ভাবে বহিষ্কার করা হবে।
এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাছের রায়হান বলেন, পাটিখালঘাটার ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।