মুন্সিগঞ্জে পুলিশের বাধায় বিএনপির গণমিছিল পণ্ড, পথসভায়ও বাধা

বিএনপির গণমিছিলে পুলিশের বাধা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায়
ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের বাধায় বিএনপির গণমিছিল কর্মসূচি পণ্ড হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পথসভা করার সময়ও পুলিশ বাধা দিয়েছে বলে জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।

নেতা-কর্মীরা জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জে গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি মুক্তাপুর থেকে মুন্সিগঞ্জ শহরে জেলা কার্যালয়ে যাওয়ার কথা ছিল। বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে মুক্তারপুর পুরোনো ফেরিঘাট এলাকার ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত পথসভা করার সময় সেখানেও বাধা দেয়ে পুলিশ।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বলেন, দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। কোথাও কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না। নেতা-কর্মীদের মুক্তি ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। গণমিছিল মুক্তারপুর থেকে মাত্র ২০০ গজ শহরের দিকে যায়। তখনই পুলিশ তাঁদের বাধা দেয়। মিছিল বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছিল, কেন মিছিল করতে দেওয়া হবে না? তারা শুধু এতটুকুই বলল, ওপরের নির্দেশনা রয়েছে। পরে তারা মুক্তারপুরে সমাবেশ করতে চাইলে সেখানেও বাধা দেয় পুলিশ। শেষ পর্যন্ত কয়েক মিনিটির মধ্যে পথসভা শেষ করতে হয়। সরকার ও পুলিশের এমন আচরণ ধিক্কারজনক।

বিএনপির কর্মসূচি চলাকালে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায়

মুঠোফোনে বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান ‘ঠিক আছে’ বলে লাইন কেটে দেন।
জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি শাজাহান খানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক মজিবর দেওয়ান প্রমুখ।