ছোট ভাইয়ের লাশ দেখে আহাজারি করতে করতে জ্ঞান হারান বড় ভাই। আর জ্ঞান ফেরেনি তাঁর। দুই ঘণ্টা পর তিনি মারা যান।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকায় গতকাল সোমবার পাঁচ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন হাসেম খান (৬০) ও তাঁর ছোট ভাই হাসান খান (৫৫)। এক দিনে পরিবারের দুজনের মৃত্যুতে স্বজনদের কান্না থামছে না।
আজ মঙ্গলবার সকালে নবকলস এলাকার ওই বাড়ি গিয়ে দেখা যায়, একটি কক্ষে কয়েকজন নারী বসে আছেন। কেউ নীরবে কাঁদছেন, কেউ শোকে স্তব্ধ হয়ে বসে আছেন।
স্বজনেরা জানান, হাসানের হৃদ্রোগ ছিল। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ভাড়া বাসায় অসুস্থ হয়ে মারা যান তিনি। বেলা একটার দিকে তাঁর লাশ নবকলসের পৈতৃক বাড়িতে আনা হয়। লাশ দেখে জ্ঞান হারিয়ে বেলা তিনটায় মারা যান বড় ভাই হাসেম খান। রাত আটটায় পারিবারিক কবরস্থানে একসঙ্গে দুই ভাইকে দাফন করা হয়। হাসানের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে এবং হাসেমের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আছে।
হাসানের ছোট মেয়ে রিপা খান কান্না করতে করতে প্রথম আলোকে বলেন, তাঁর (রিপা) ভাই অনেক টাকা ঋণ করে দুই বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। অনেক দিন সেখানে বেকার ছিলেন। কয়েক মাস আগে কাজ পেলেও আয় তেমন নেই। সংসারে আর্থিক সমস্যাও তীব্র। রিপা জানান, তাঁর বাবা আগে থেকেই অসুস্থ ছিলেন। জ্যাঠাও মারা গেলেন। এখন তাঁরা অভিভাবকশূন্য হয়ে পড়েছেন।
হাসেমের স্ত্রী মেহেরুন নেছা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী আগে থেকেই অসুস্থ ছিলেন। তাঁর দুবার স্ট্রোক হয়েছিল। ছোট ভাইয়ের লাশ দেখে তিনি সহ্য করতে পারেননি।’
একই পরিবারের দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।