
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলন্ত ট্রেন থেকে নিক্ষেপ করা পাথরে এক পর্যটক আহত হয়েছেন। শনিবার বেলা একটার দিকে চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেসের ছাদের ওপর থেকে এ পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
আহত ওই পর্যটকের নাম রিয়াজুল কবির। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচ) শিক্ষার্থী।
ট্রেনের ছাদের ওপর থেকে এক ছেলে পাথর নিক্ষেপ করলে রিয়াজুলের কপাল ও নাক রক্তাক্ত হয়ে যায়। রক্তে ভেসে যায় তাঁর শরীর।
রিয়াজুলের বন্ধু অমিতাভ পুরকায়স্থ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ঘটনার সময় বনের ভেতর দিয়ে চলে যাওয়া সিলেট-আখাউড়া রেলপথের কাছেই ছিলেন রিয়াজুল। চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেসের ছাদের ওপর থেকে এক ছেলে পাথর নিক্ষেপ করলে রিয়াজুলের কপাল ও নাক রক্তাক্ত হয়ে যায়। রক্তে ভেসে যায় তাঁর শরীর। দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। রিয়াজুলের নাকের পাশ ও কপালে আটটি সেলাই দেওয়া হয়েছে।
এ ঘটনায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত শিক্ষার্থী পর্যটকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের এসব বখাটের বিরুদ্ধে অভিযান চালিয়ে ট্রেনের ছাদ থেকে তাদের নামানো উচিত। না হলে অদূর ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।
শ্রীমঙ্গল জোনের ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবের রেজা আহম্মদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। যাতে অদূর ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা না ঘটে।