
নোয়াখালীর বেগমগঞ্জে নুর হোসেন ওরফে শাকিল (২৫) নামের এক তরুণকে হত্যা করে লাশ লাশ মাটিচাপা দেওয়ার তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নুর হোসেনের বাবা-মা ও ছোট ভাইকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত পৌনে আটটার দিকে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লালপুর গ্রামের করিম হাজির পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নুর হোসেনের বাবা বাবুল হোসেন (৬০), মা ফাতেমা বেগম (৫০) ও ছোট ভাই এমাম হোসেনকে (২২) আটকের পর তাঁদের থানাহাজতে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া উদ্ধার করা নুর হোসেনের লাশ বেগমগঞ্জ থানায় রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, পারিবারিক কলহের জের ধরে নুর হোসেনকে পরিবারের সদস্যরা হত্যা করেন। এরপর বসতঘরসংলগ্ন পুকুরপাড়ে তাঁর লাশ দাফন ছাড়া মাটিচাপা দিয়ে রাখেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নুর হোসেনের সঙ্গে পরিবারের সদস্যদের নানা বিষয়ে বিরোধ দেখা দেয়। এর জের ধরে ৪ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে রাত ১০টার মধ্যে কোনো একসময় মারধর করে হত্যা করা হয়। পরে লাশ বাড়ির বসতঘরসংলগ্ন পুকুরপাড়ে গর্ত করে চাপা দেওয়া হয়। আজ বিকেলে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হয়।
বিষয়টি জানার পর বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক তাৎক্ষণিক পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে নুর হোসেনের বাবা ও ছোট ভাইকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নুর হোসেনকে হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরসংলগ্ন পুকুরপাড়ের মাটি খুঁড়ে রাত পৌনে আটটার দিকে নুর হোসেনের লাশ উদ্ধার করা হয়। এ সময় নুর হোসেনের মা ফাতেমা বেগমকেও আটক করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। তিনি লাশ উদ্ধার প্রক্রিয়া তদারকি করেন। পরে থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, পারিবারিক কলহের জের ধরে নুর হোসেনকে পরিবারের সদস্যরা হত্যা করেন। এরপর বসতঘরসংলগ্ন পুকুরপাড়ে তাঁর লাশ দাফন ছাড়া মাটিচাপা দিয়ে রাখেন।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঘটনাটিকে রোমহর্ষ উল্লেখ করে বলেন, ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে থানা-পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।