
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সড়ক উন্নয়নকাজের কার্যাদেশ পাওয়ার আগেই বিক্রি করে দেওয়া সড়কের ব্লক ও খুঁটি আবার ওই সড়কে রেখে যাওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক ঠিকাদারের বিরুদ্ধে সপ্তাহখানেক আগে ওই ব্লক ও খুঁটি উঠিয়ে নিয়ে তা অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রথম আলো পত্রিকায় খবর প্রকাশিত হয়।
এরপর গতকাল রোববার রাতের আঁধারে ঠিকাদার শ্রমিক দিয়ে সড়কের এক পাশে ৫০টি আরসিসি খুঁটি ও ৪০টি ব্লক ফেলে রেখে যান।
এলজিইডির উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধর্মপাশা গ্রামের বাচ্ছু মিয়ার বাড়ির সামনের থেকে ওই গ্রামের কাজীবাড়ী পর্যন্ত সড়কটি ৭০০ মিটার দীর্ঘ। এলজিইডির অধীনে থাকা সড়কটির একাংশ কংস নদের তীরঘেঁষা। ৭-৮ বছর আগে সড়কটির পাকাকরণ ও নদের তীরবর্তী ব্লক ও আরসিসি খুঁটি বসানোর কাজ করা হয়।
কিন্তু নদের তীরবর্তী হওয়ায় বছর দুয়েক যেতে না যেতেই সড়কটির বেশির ভাগ স্থানে ভাঙন দেখা দেয়। সড়কটির সংস্কার ও নদীর তীরবর্তী স্থানে প্রতিরক্ষা দেয়াল নির্মাণের জন্য এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে গত বছরের ২৮ ডিসেম্বর দরপত্র দাখিল করা হয়।
১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে মেসার্স তামীম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পাওয়ার জন্য মনোনীত হয়। ওই প্রতিষ্ঠানের মালিক ঠিকাদার তুঘলক আহমেদ। তিনি কার্যাদেশ পাওয়ার সপ্তাহখানেক আগেই বিধিবহির্ভূতভাবে কংস নদের এক পাশের সড়কে থাকা ১ হাজার ২০০টি ব্লক ও ৩০০টি আরসিসি খুঁটি শ্রমিক দিয়ে উঠিয়ে তা অন্যত্র বিক্রি করে দেন।
এ ঘটনায় ‘কার্যাদেশ পাওয়ার আগেই আরসিসি খুঁটি বিক্রি’ শিরোনামে ২২ জানুয়ারি প্রথম আলোয় ছাপা সংস্করণে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর গতকাল রাতের আঁধারে ঠিকাদার শ্রমিক দিয়ে ওই সড়কের এক পাশে প্রায় ৫০টি আরসিসি খুঁটি ও ৪০টি ব্লক ফেলে রেখেছেন।
গত শুক্রবার বিকেলে ওই সড়কে গিয়ে ব্লক ও খুঁটি দেখতে পাওয়া যায়নি। আজ সোমবার বেলা দুইটার দিকে গিয়ে সড়কের এক পাশে রাখা এসব খুঁটি ও ব্লক পড়ে থাকতে দেখা যায়।
ধর্মপাশা গ্রামের বাসিন্দা ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘সপ্তাহখানেক আগে ওই সড়কের একাংশ থেকে ব্লক ও খুঁটিগুলো তুলে তা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। রোববার রাতের আঁধারে সড়কটির এক পাশে বেশ কিছু খুঁটি ও ব্লক এনে রাখা হয়েছে। আমরা আজ সকালে সড়কের এক পাশে এসব পড়ে থাকতে দেখেছি।’
এ বিষয়ে মেসার্স তামীম এন্টারপ্রাইজের ঠিকাদার তুঘলক আহমেদের বক্তব্য জানতে আজ সোমবার বিকেলে তাঁর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা ধরেননি।
এর আগে গত শুক্রবার তিনি এই প্রতিবেদককে বলেছিলেন, সড়ক উন্নয়নকাজের স্বার্থে ব্লক ও খুঁটি উঠিয়ে তা নিরাপদ স্থানে রেখেছেন।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ঠিকাদার এখনো কার্যাদেশ পাননি। সড়ক থেকে খুঁটি ও ব্লক তুলে নেওয়ার বিষয়টি আইনসম্মত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।